কবিতা গুচ্ছ ~ বকুল বিশ্বাস




পোস্ট বার দেখা হয়েছে

সে আবার এসেছিল একদিন


 সে আবার এসেছিল একদিন, হয়তো কোন স্বপ্ন মাখা ভোরে, আমার হৃদয়ের কিনারে ,

পড়ে থাকা শেষ ভালোবাসার ফুল।

 কুয়াশার পাখনায়, শিশিরের বিন্দু  বিন্দু জল, 

 ধূসর রাত ব্যথার প্রাচীর ।

পাপড়ি গুলো সব ঝরে গেছে ,

গন্ধ নেই আর ।

নির্জীবের মতো পড়ে আছি পৃথিবীর বুকে,

একখণ্ড ফসিলের মত।

 আকাশে সাদা মুখ তার ,ধুমায়িত বরফের চাদর, আবছা মূর্তি শুধু,  পেঁচার ডাক শুনে হারিয়ে গেছে  অন্ধকারে।

====

হারাতে চাইনা আমি


 যে মনুষ্য জীবন পেয়েছি আমি হারাতে চাইনা,

 অনন্ত রোদ্দুর গায়ে মেখে বিকেলে রক্তাভ সূর্যের ফুরিয়ে যাওয়া জ্যোতি ছুঁতে চাই। চারিদিকে ঝাঁকে ঝাঁকে তারা , সপ্তর্ষি মন্ডলের আলোয়  সীমাহীন আকাশের বুকে ফুটে ওঠে অতীতের স্মৃতি ।

একে একে ব্যাবিলন  হামুরাবির দেশে। 

 আলেকজান্দ্রিয়া সাংহাই করাচি হয়ে আজও জেগে আছে,

 পশ্চিম আকাশে কালপুরুষের বেশে। 

লুব্ধক আমি কখন শরবিদ্ধ হয় কে জানে ,

তবু আশা জাগে মনে ,

ছায়াপথের কোন এক কোণে, উঠবে ঠিক সূর্য। 

হারিয়ে যাবে সব ছবি, 

আকাশের গায়ে।

====

 ভেবেছিলেম

 

 ভেবেছিলেম নদী হব কুলু কুলু রবে ,

বহিব আমি তোমার পাশে পাশে, আলতো করে ছুঁয়ে  আমায় দিবে তুমি,

আহ্লাদে আটখানা হয়ে শত ধারায় বয়ে যাব সুখে ।

সেখানে তুমি দিলে বাঁধ মোর বুকে ,

গতিহারা স্তব্ধ আমি , 

নিংড়ে নিয়েছো মোরে  খেয়াল খুশি মতো,

 অবগাহন করনি মোর সাথে, ব্রিজের উপর হতে হেসেছে বিজয়ীর হাসি ।


ভেবেছিলেম উঁচু পাহাড় হব, বরফের চাদর গায়ে দিয়ে ডাকবো তোমায় ভালোবাসার সুরে ,

 ধ্বনিত প্রতিধ্বনিত হবে বারবার এ হৃদয় জুড়ে 

তোমার ভালোবাসার সুর ।

তুমি আমার হৃদয় চিরে 

গলিত পিচ দিলে ঢেলে ,

ছুটে যাও নিয়ে তীব্র গতি।


 ভেবেছিলেম অপার ভালবাসা নিয়ে ,

মুগ্ধ হয়ে দেখবে আমায় তুমি। আমি সৌন্দর্যের পসরা শুধু নিয়ে রইবো তোমার  প্রতীক্ষায় চেয়ে। তুমি এলে দুর্নিবার ঝোড়ো হাওয়া হয়ে 

আমার যত ভালোবাসা পড়ল ঝরে ঝরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ