পোস্ট বার দেখা হয়েছে
বোল
ঢাকের কাঠি বলছে শোনো টে ট্টা ট্যাটাং বোলে
পেঁজা মেঘে আকাশ সাজে শিউলি কেমন দোলে
কোমল কোমর নিয়ে মাতে কাশ আননে সাড়া
শরত হাসে খোশ মেজাজে নদীর পদ্ম পাড়া
বাতাস বিলায় পূজার সুবাস আবেগঘন সুর
পটুয়ারা ব্যস্ত এমন সোনা আলোয় নূর
ছুটি ছুটি মরশুমি মন উৎসব আয়োজনে
মা আসছেন মর্ত্যধামে অসুর দমনে
ভোগ - প্রসাদে কাটবে কদিন থাকবে না কেউ দুখী
দুর্গা মায়ের আশীর্বাদে হয় যেন সব সুখী।
আভাস
অন্ধ রাত দেখে অসুখী ছায়া ছবি
হৃদয়ে চুপ কথা তমসা মুখ ঢাকে-
সঙ্গী মৃত মন দু-চোখ ছলছলে
জোনাকি মিটিমিটি নিশুতি পথ বাঁকে,
শব্দ ভাঙা গড়া নীরব স্রোত জুড়ে
মেঘেরা জমে কতো শূন্য মহাকাশে
বাঁচার চরা-চরে অন্য শশী গাঁথা
বধির মেরু ভাঁজে জীবন ভরা ত্রাসে,
যাপন সমীরণে ক্লান্ত স্নায়ু টান
ভাবনা ভরা ডুবি ছন্দ যায় ভুলে
আঁধার চারিদিক উজান নাগ পাশে
একাকী পড়ে থাকা ধূসর নদী কূলে,
যাত্রা কাল বলে পলকে ঘোর শনি
মরমি দিন- লিপি নিত্য রোজ শ্বাসে-
অগুরু জোড়া ঘ্রাণে তারারা টলমল
বন্ধ আঁখি জাগে আভাস পোড়া বাসে।
মিষ্টিকথা (চতুর্দশপদী কবিতা)
মিষ্টি কথা উপহারে মউ মউ বাস
ডালি ভরা মধুরতা ফুলেল নির্যাস
ভিন্ন স্বাদে বর্ণ রসে কথাকলি ভাষ
পৃষ্ঠা জুড়ে শিশু চারা মুক্ত কলহাস
মেলে ডানা প্রজাপতি রঙিন উচ্ছ্বাস,
পদ্ম ফোটা নদী বুকে শুভ্র রাজহাঁস
মেঠো পথে বেলা কমে দোলে শ্বেত কাশ-
খুশি খুশি ছন্দ ছড়ে মিঠে অনুপ্রাস
ছুটোছুটি খেলাধুলা মজা একরাশ,
ছবি ছায়া কথকতা কিশোর আভাস
দুটি চোখে স্বপ্ন বোনা কিশোরী আকাশ,
কুড়িয়ে নিতে ব্যস্ত ওরা শুদ্ধ বাতাস
জোয়ার গন্ধী শব্দে ভালোবাসার আশ
প্রতি শ্বাসে বাঁচুক প্রাণ সৃষ্টি আশ্বাস।
মূর্ছনা
পালের হাওয়ায় সুখের খুশি রবে
ইচ্ছে ডানায় বিষম আনন্দিত
বুকের মাঝে গভীর অনুভবে
আশাবরি রাগ দীর্ঘ প্রলম্বিত,
সুরের ভেলায় উপচে পড়া নীড়ে
তালে- লয়ে মিশ্র ঘনঘটা
কখন যেন হৃদয় আকাশ ঘিরে
জমাট মেঘের কালো ধূসর জটা,
নিমেষ দেখে চোখের ঝিলে প্রপাত
অঝোর ধারায় অবিশ্বাস্য জল
ছড়িয়ে দুকূল বিষাদ করাঘাত
ভাসমান সেই সিক্ত অকুস্থল,
হওয়ার ছিলো তাই তো সেতুর বাঁকে
প্লাবন তোড়ে ভাঙন ভালোবাসা
হঠাৎ আবার ভাবনা ছবি আঁকে
চমকে ওঠা চমক স্রোতে ভাসা,
সত্যি যখন মায়াবী সেই পল
জ্যোৎস্না আলোয় লুটোপুটি চাঁদ
ভিতর ঘরে কাঁপন দোলা জোর
উজান কথা হাত ছুঁয়েছে কাঁধ,
দুখের হাওয়া ফিরছে ধীরে ধীরে
সঙ্গে নিয়ে ব্যথার জলকণা-
বদলায় রং বিবর্ণতা তীরে
উছল নদী ঝংকৃত মূর্ছনা।
0 মন্তব্যসমূহ