প্রয়াণ দিবসে সুকুমার রায়।। পর্ব— ৭




পোস্ট বার দেখা হয়েছে

পাগলের প্রলাপ 

তমসুক গোস্বামী


ছাগ যদি ডাকে কভু "প্যাঁক প্যাঁক" শব্দে,  

“ছাগহাস” নামে তারে মান্যতা সব দে।  

“কুহু কুহু” যদি ডাকে কোনো এক বোলতা,  

“বোলকিল” নামে ডাকি—কেমন সে বল্ তা!  

হাতি যদি আল্লাদে ডেকে ওঠে “হাম্বা”,  

“গজগাভি” নামে তার হরেকরকম্বা।  

মিনমিনে মাউপুষি যদি করে “ঘেউ ঘেউ”,  

ভুল করে সারমেয় ভেবো নাকো তাকে কেউ।  

মাংসের হাড় মুখে, ল্যাজ নাড়ে আমোদে—  

খাসা হবে ডাকো যদি “মাউমেয়” নামেতে।  

বনবন মাথা ঘোরে দেখে কাজকলাপে,  

চনমন তাজা মন—পাগলের প্রলাপে!




স্মরণে তুমি মননে তুমি

শিবানী গুপ্ত


অমৃতের পুত্র কবি সুকুমার আজ তোমার জন্মদিনে,

 শ্রদ্ধাপুষ্পে অঞ্জলি আমার স্মরণে  মননে।

বীণাপাণির আশিসধারায় স্নাত পরিবারে

জ্ঞানে গরিমায় যশের বিভায় মহীয়ান করলে তারে।


শিশুতোষ খ‍্যাত শিশু সাহিত্যিক

উপেন্দ্রকিশোরের যোগ‍্য সন্তান তুমি,

প্রতিভার আলোকে ধন‍্য করলে

এই ভারতের  ভূমি।


শিশুবেলায় ধানের মাঠে আলপথে

  আমরা সবাই হুল্লোড়ে দল,

 মুখে সবার উৎফুল্লতায় সমোচ্চারে

 তোমার লেখা -" আবোলতাবোল"।


" রামগরুড়ের ছানা,হাসতে তাদের মানা" 

কলকলিয়ে ফরফরিয়ে হেসে খল খল,

বলতে গিয়ে হতাম যে আহ্লাদে আটখানা,

সমস্বরে " হ য ব র ল " চলতো অবিরল।


কাল সময়ের মরনদোলা ছিনিয়ে নিল প্রাণ

তোমায় পেয়ে ভারতবাসীরা হয়েছে যে ঋদ্ধ,

তোমার স্মৃতি চিরভাস্বর ছড়া ছন্দের ভেলায়

বিশ্বসাহিত্য তোমার দানে হয়েছে সমৃদ্ধ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ