শতবর্ষে সুকান্ত || কবিতা গুচ্ছ -৪




পোস্ট বার দেখা হয়েছে

শতবর্ষে সুকান্ত

সৌম্য কর


পাথরে খোদাই করা তোমার একুশ।


শতবর্ষ পেরিয়ে

আমরা আজও তোমাকে ঘিরে

উৎসব সাজাই।


তবু ক্ষুধা তো থেকেই গেল—

যেমন ছিল, অবিকল।


শুধু,

অন্ধকারের কিনারে

জ্ব'লে রইল

তোমার একটি দেশলাই কাঠি।

=====

সুকান্তের প্রতি

 এবং দেবাশীষ


স্বপ্ন জগতে দে'দার হাসাহাসি,

ছাড়পত্রে নেই শিশুদের ঘুম,  

জীবন কখন বয়ে গ্যাছে ঘরময় ফাঁসি,

সবুজ পৃথিবী এখনও নিঝ্ঝুম!


কালের রক্তে পোষাকী মানুষের স্নান,

রানার ছুটেছে এখনও কঠিন পথে,

খোরপোষ পেয়ে ভুখা পেটগুলো ম্লান ,

কঠিন ধ্বজা সমাজের জয়রথে!


বিদ্রোহী হোক আবার আসুক ফিরে , 

দূর্জয় দিন, স্বপ্ন ভাঙার মন্ত্র ,

ঝুঁকেছে সুদিন, নষ্টের ভারে ভারে,  

প্রত্যেক শিশু হয়ে উঠুক "সুকান্ত"!


জ্বলুক আলো প্রত্যেক ঘরে ঘরে! 

====

 ক্ষণজন্মা প্রতিভাবান কবি সুকান্ত 

অর্পিতা সাহা


এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য

করে তোলার অঙ্গীকার ছিল

এক তরুণ কবির;দুঃখ কষ্ট দারিদ্রে

কখনো হার মানতে শেখেননি।


আঠারো বছর বয়সের গর্জে ওঠা যৌবন 

তরুণ প্রজন্মের ঝুঁকি নেওয়ার স্পর্ধা 

দেশ-দশের এক অমূল্য সম্পদ।

এক পেট খিদে ভয়ঙ্কর দুর্দিন 

পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটি 

কল্পনা করা সাহসী কবি আমৃত্যু 

জীবন সংগ্রাম জারি রেখেছিলেন।

 

সাম্রাজ্যবাদ পুঁজিবাদের বিপক্ষে

তার কলম গর্জে উঠেছে বারংবার।


একটি মোরগের কাহিনীর নেপথ্যে 

ধনী-দরিদ্র ভেদাভেদ__বলিষ্ঠ কলমে 

প্রতিবাদ করতে পিছপা হননি; 

স্বল্পায়ু কবি সুকান্ত__অমূল্য তাঁর সৃষ্টি-সম্ভার 

জন্মশতবর্ষে তাঁর চরণে শতকোটি প্রণাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ