দর্পণ || পিনপোস্ট || দরকার হয় না এত কিছুর ! ~ পিয়ালী সরকার




পোস্ট বার দেখা হয়েছে
অঙ্কন রিয়া চক্রবর্তী 

 দরকার হয় না এত কিছুর !

 পিয়ালী সরকার


এত কারুণ্যের বাদল দরকার হয় না ।

যেমন দরকার হয় না লকডাউনে পরিযায়ী শ্রমিকের পায়ে পায়ে ঘুমিয়ে পড়া শিশুর 

ভাইরাল হওয়া ছবি দেখে 

ড্রয়িং রুমে বসা বাবু বিবিদের আহারে ! উঁহুরে !

কিংবা 

অতিমারী স্বত্ত্বেও আধলাখি তত্ত্ব প্রদান করে ক্লাবগুলোকে বার্ষিক মোচ্ছবের 

মহড়ায় চঞ্চল করা , বা 

বিনা দোষে সশ্রম কারাদন্ড এই অজস্র পাতার ঘর লন্ডভন্ড করা -----


প্যাঁক-প্যাঁক হাঁস দম্পতি জলের 

তোড়ে ভেসে যাবার আগেও যে 

ভোলে না খড়ের বাসায় 

তখনও-তা-না-শেষ-হওয়া 

দুটো সম্ভাবনা ,

দরকার হয় না এরও ।

সত্যিই দরকার হয় না 

করোনা ঝড়ের সাপলুডো কালে 

আমফান বুলবুল ফণী বা ইয়াশের !


মনের মাঝে কিছু তান্ডব 

বড় মধুর হয় সঙ্গোপনে , 

কিন্তু

ঝড়ের তুফানে , অকাল শ্রাবণে একলাপন মনখারাপের সেই বিলাসিতারও দরকার হয় না , 

যেখানে হাজার হাজার 

উড়ে যাওয়া চালে , 

নিভে যাওয়া উনুনে 

অসহায় আর্তরা শুধু 

হেলিকপ্টার খোঁজে ! 


অসহায় তো আসলে মানুষই । 

ততোধিক নিরাপত্তাহীন আজকের জীবিকা , বাঁচা , কাঁদা বা উল্লাস ।


দরকার হয় না এত আর্তনাদের।

সত্যিই দরকার হয় না 

অহেতুক এই জলপ্লাবনের !

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ