দর্পণ || ১৭ তম সংখ্যা || চিঠিপত্র || মো.হাকিম




পোস্ট বার দেখা হয়েছে

চিঠি - প্রিয় দর্পণ বন্ধুকে

 মনের সব কথা, বর্তমান পরিস্থিতি, সমাজ, মানুষ, ভালবাসার কথা

মো. হাকিম

 

প্রিয় দর্পণ,

একরাশ শুভেচ্ছা ও অফুরন্ত শুভকামনা। গ্রীষ্মের তাপদাহকে প্রশমিত করতেই বোধহয় বর্ষা আসে। বর্ষাকাল মানেই তো বৃষ্টি আর বৃষ্টি। কখনো ইলশে গুড়ি আবার কখনো মুসলধারে। তবে বৃষ্টি থামার  কোন লক্ষণই নেই আজ। বাদল ঝরা এমন দিনে মন হারিয়ে যায় কুঞ্জবনে।  তবে, আজ হারাচ্ছে না কারণ মনটা আজ মোটেও ভালো নেই।

বৈশ্বিক মহামারীর এই দুর্বিষহ পরিস্থিতিতে কোন কিছুতেই যেন আর মনস্থির করতে পারছি না।  বিভীষিকাময় এই দিনগুলোতে চারিদিকেই যেন শুধু হাহাকারের প্রতিধ্বনি। লকডাউনে জনজীবন বিপর্যস্ত, জীবন জীবিকার সমন্বয় নেই।  হাসপাতালগুলো রোগীতে ঠাসাঠাসি, তিল ধারণেরও যেন ঠাঁই নেই। রোগীর জন্য বেড নেই, আইসিও নেই  পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহও নেই। চোখের সামনে প্রিয়জন চলে যাচ্ছে না ফেরার দেশে। চোখের জলে বিধায় দেয়া ছাড়া আমাদের যেন আর কিছুই করার নেই। অসহায় ডাক্তার, অসহায় নার্স, অসহায় রোগীর আত্মীয় স্বজন। অসহায়ত্বের পাহাড় যেন চেপে বসেছে আমাদের বুকের উপরে। স্বাভাবিক নিঃশ্বাস নিতেও যেন আজ কষ্ট হচ্ছে। 

আপনজন হারানোর বেদনায় বাতাস যেন ক্রমেই ভারী হয়ে উঠছে। নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। বিষাদের ছায়ায় পদ্মা মেঘনা যমুনার কল্লোলও যেন থেমে যায় বারবার। 

দেশের এমন দুঃসহ পরিস্থিতিতে মানবতার অন্তরাত্মাও কেঁদে উঠে মনের অজান্তেই, সকল ভেদাভেদ ভুলে ধর্ম বর্ণ নির্বিশেষে সহযোগিতার হাতগুলো এগিয়ে আসছে নিরবে নিভৃতে। 

তবুও কিছু স্বার্থপর মানুষ শয়তানের খোলস থেকে যেন বেরিয়ে আসতে পারছে না। তারা কুক্ষিগত করে রাখতে চায় সবকিছুই।  লোভের পাহাড় যেন গ্রাস করেছে ওদের সকল চিন্তা-চেতনাকে। ওরা লুটেরা ছিল, লুটেরাই রয়ে যায়।  ভোগ বিলাসিতায় ওরা এতটাই মত্ত যে, জীবনের শেষ পরিনতির বিষয়টিও ওদের উপলব্ধিতে নেই। পার্থিব জীবনের ধূম্রজালেই আটকে আছে ওরা। মহামারী, অতিমারী, ইয়াস, সিডর, আইলা, আম্ফানের মত ভয়াবহ দুর্যোগের মাঝেও ওরা লোভ লালসার অন্ধ মোহে বিভোর। ওরা লোভের মোহে এতটাই অন্ধ যে, মানব ইতিহাসের  এই চরম দুর্দিনেও ওরা কখনোই মানুষের পাশে দাঁড়ায়নি।  

তবুও স্বপ্ন দেখি লোভ লালসামুক্ত নতুন  এক পৃথিবীর, যেখানে থাকবে অন্তহীন ভালবাসা, যেখানে মানুষের সুন্দর স্বপ্নগুলো রঙিন প্রজাপতি হয়ে ভেসে বেড়াবে সারা পৃথিবীময়। 

জীবনের ভাঁজে ভাঁজে জমতে থাকা ঘটনা প্রবাহগুলো, জীবনের স্বপ্নগুলো,  জীবনের সব ভাবনাগুলোকে কখনোই কালির অক্ষর দিয়ে সাদাকালো কাগজে আবদ্ধ করা যায় না।  মানুষের কিছু ভাবনা, কিছু স্বপ্ন  চারদেয়ালের মাঝেই আটকে থাকে চিরকাল। কখনোই তাদের নাগাল পাওয়া যায় না, তারা থাকে কেবলই একান্ত অনুভবেই। 

হাজারো  চড়াই-উতরাইয়ের মাঝেও সময়ের ব্যবধানে এগিয়ে যায় এ পৃথিবী।  আঁকাবাঁকা পথ পেরিয়ে  বহতা নদীর স্রোতধারা মিশে যায় সমুদ্রের ঘন নীল জলে, সমুদ্রের ঢেউ এসে পরম শান্তিতে ঘুমায়  বালুকাময় তটভূমিতে, পাহাড়ের গাঁ বেয়ে নেমে আসে ঝরনার স্বচ্ছ জলের ধারা। 

দখিনা বাতাসে পল্লবিত হয় ঘন সবুজ বন, ভ্রমরের গুঞ্জনে মুকুলিত হয় যত কুঞ্জকানন। পলাশ শিমুলের রক্তিম আভায়, পাখিদের গানে, কোকিলের কুহুতানে আবারো জেগে উঠে  এ প্রকৃতি।  ঘাসের ডগায় আবারও জমতে থাকে বিন্দু বিন্দু শিশির কণা।

বিমর্ষ এ পৃথিবীর মানচিত্রের বুক চিরে বেরিয়ে আসে ভালবাসায় সিক্ত নতুন এক পৃথিবী। 

প্রিয় দর্পণ, এসো আমরা সবাই হাতে হাত রেখে আলোর পথের পথিক হবো, হাঁটবো নতুন এক পৃথিবীর বুকে, ভালবাসার সুভাস ছড়িয়ে দিব সারা পৃথিবীময়। এটাই হোক আমাদের বাসনা, এটাই হোক আমাদের অঙ্গীকার। ভালো থেকো সবসময়। 

ইতি

শুভেচ্ছান্তে, 

মো. হাকিম

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ