পোস্ট বার দেখা হয়েছে
সামাজিক সরলীকরণ
নিজের গা থেকে
অন্য শরীরের গন্ধ তুলতে তুলতে
অহোরাত্র যে কেবল
চিবিয়েছে তুলসীর পাতা
চুপিচুপি আখের গোছাতে
জমিয়েছে নথিপত্র
বাক্সভর্তি ছবি
প্রেম নয় অন্য লোভে
এতদিন নিরলস
যে খুঁজেছে বাউল বিছানা
তাকে ঘিরে আজ এই মিলন উৎসব
গেরুয়ার ভিড়
পরিযায়ী শিশু আর প্রেমিকের
সামাজিক সরলীকরণ
====
যেখানে ছিলাম
যেখানে ছিলাম ঠিক সেখানেই আছি
তোমাদেরই সন্দেহ বেড়েছে
মাঝেমধ্যে কাছে এসে দ্যাখো
অন্য কোন গন্ধ পাও কিনা
খুলে দ্যাখো ঝোলাব্যাগ
পাঞ্জাবির রঙ নিয়ে গবেষণা করো
শব্দ বা অক্ষর নিয়ে তোমাদের মাথাব্যাথা নেই
আজীবন নতশির
আমি এক শব্দ-ক্রান্তিকারী
বিশুদ্ধ মন্থনে যদি কোন দেব কিংবা দেবী
উঠে আসে
তাকেই পরিয়ে দিই চন্দনের টিপ
যেখানে ছিলাম ঠিক সেখানেই আছি
এসো দেখে যাও
ঝোলাব্যাগ ভর্তি শুধু শব্দ-সম্ভাবনা
====
বৃষ্টির বাগানে
অনন্ত সুখের রাত চেয়েছিলে
চেয়েছিলে অলৌকিক সিঁড়ি
পেলে ধূসর বর্ষার দিন
ঘনিষ্ঠ বিষাদ
নীলরঙা পাখির পালক
পেলে ধর্মহীন পুঁথি
জন্মান্তর
হলুদ জাজিম
ভাগ্যিস কবিতা লেখো
তা না হ’লে
এমন লাগামছাড়া স্মৃতির আগুনে
নিরন্তর নিজেকে পুড়িয়ে
কিভাবে অক্ষত আছো
নিস্পৃহ বারুদ মেখে সমস্ত শরীরে
ক্লান্তিহীন বসে থাকো
বৃষ্টির বাগানে

2 মন্তব্যসমূহ
কি অসাধারণ তিনটি লেখা পড়লাম ... মুগ্ধতা 🙏
উত্তরমুছুনবঙ্গীয় সাহিত্য দর্পণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন
উত্তরমুছুন