পোস্ট বার দেখা হয়েছে
গণিত
কে কখন কার পাশে নিজেই দাঁড়াবে
অথবা নিঃশব্দে যাবে দূরে
সমস্তই আসলে গণিত
কখন আসবে ঝড়
নদীর আক্রোশে
কখন যে ভেসে যাবে জোয়ালের গরু
কখন চড়ুইভাতি
কখনই বা শকুনির পাশা
নাভিমুলে জমানো বিষাদ
অদৃশ্য আগুন জুড়ে মুগ্ধতার ছাই
কখন যে গঙ্গাজল
কুসুমকোরক থেকে উড়ে আসা চিঠি
জন্মমায়া বিষণ্ণ জোনাকি
সমস্তই আসলে গণিত
জীবনের আশ্চর্য গণিত
আসুন এবার
আসুন একটু অন্য কথা হোক
সন্দেহ সব থাকুক না হয় মনে
সাংবিধানিক প্রেমের দুহাত ভেঙে
আগুন জ্বালাই স্বপ্ন- বৃন্দাবনে
শ্বেতপদ্মেই ভ্রমর ওড়াউড়ি
অন্ধ প্রেমের তুচ্ছ অভিজ্ঞানে
পাতলা কানের স্পর্ধা নিয়ে কারা
নষ্ট শরীর কোন মোহনায় টানে
ছবির বেড়াল বসেছে বাঘছালে
মুক্ত মানুষ গাইছে বাউল গান
বুকের মধ্যে ভেজা বারুদ নিয়ে
ধর্মবিহীন সমস্ত নির্মাণ
আসুন এবার অন্য কথা হোক
বীজের সঙ্গে স্বপ্ন ঢাকুক মাটি
ঈর্ষাকাতর হলুদ দাঁতের ভিড়ে
জীবন কাটুক মুগ্ধ পরিপাটি
====
বলতে গিয়েও
বলতে গিয়েও অনেক কথা বলছি না আর
বৃষ্টিভেজা পায়ের নূপুর
স্বপ্নছেঁড়া অলস দুপুর
বিষাদমাখা পাখির ডানায়
জমিয়ে রাখা টুকরো স্মৃতি
সদ্য ধোয়া তুলসীপাতা
মুখোশধারী নষ্ট মানুষ
মুক্তিকামী যুদ্ধ জাহাজ
মৃত্যুমাখা মোমের শরীর
অবহেলার কার্যকারণ
বিভাজনের হিসেবনিকেশ
কৃষ্ণচূড়া কিংবা বকুল
অবসন্ন রাজার পোশাক
অভিশপ্ত আত্মদহন
ছদ্মবেশী নাভির আগুন
ছড়ানো খই আবছা সিঁদুর
কোন কথাই বলছি না আর
উচ্চারণে এখন শুধুই
অনিবার্য অতুলপ্রসাদ ।


1 মন্তব্যসমূহ
অপূর্ব 🙏
উত্তরমুছুন