পোস্ট বার দেখা হয়েছে
এ পৃথিবীতে নারীও বেঁচে থাকুক মানুষের মর্যাদায়
ফাতেমা খাতুন মুক্তা
আমরা চাই একটি সাজানো পরিবার,
আমরা চাই একটি সুগঠিত সমাজ,
আমরা চাই একটি সুশৃঙ্খল দেশ,
আমরা চাই একটি সুন্দর পৃথিবী,
কে এই আমরা !
এই আমরা কি শুধুই পুরুষ জাতি !
শুধু কি পুরুষই একচেটিয়া পরিবার সাজায় !
একমাত্র পুরুষ সম্প্রদায়ই কি একটি সমাজ, একটি দেশ ও পুরো পৃথিবীকে সুন্দরতম করে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখতে পারে!
যদি পুরুষই একচেটিয়া সবই পারে,
যদি এসবে নারীর কোনো ভূমিকা নাইবা থাকে,
তাহলে আমি বলবো নারীর অধিকার বা মর্যাদা পাওয়ার কোনো প্রয়োজন নেই।
কেন নারীকে সম অধিকার সম মর্যাদার জন্য গলা ফাটাতে হবে। নারী পুরুষ সবই আল্লাহর সৃষ্টি। সৃষ্টির শুরু থেকেই যে যার ক্ষেত্র থেকে পরিবার, সমাজ, দেশ ও পৃথিবী গঠনে নিজ নিজ অবদান রেখে আসছে অদ্যাবধি। তবে কেন নারী হলেই তাকে পরিবার ও সমাজে গুরুত্ব, অধিকার ও মর্যাদা লাভ থেকে বঞ্চিত হতে হবে। একজন মানুষ হিসেবে নারী জীবনেরও সমস্ত আশা আকাঙ্ক্ষা,স্বপ্ন সাধনা, ইচ্ছা অনিচ্ছা, ভাল লাগা মন্দ লাগার অধিকার থাকতে পারে। শুধু খাওয়া পড়া নয়, নিজ মতামত প্রকাশ করার সুযোগও নারীকে দিতে হবে। যাবতীয় প্রাপ্তিতে এমনকি পুরুষের মতো বুদ্ধি বিবেচনা মোতাবেক সুশৃঙ্খল কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রেও পুরুষের পাশাপাশি নারীর সম অধিকার থাকতেই হবে। আর এ দাবি শুধু একদিনের জন্য প্রযোজ্য নয় এ দাবি চিরন্তন।
নারী পুরুষ একে অপরের পরিপূরক। চলমান জীবনের সর্বক্ষেত্রে পুরুষের অবদান যেমন জোড়ালো, নারীর অবদানও তেমনিভাবে কোনো অংশে কম নয়। তবে একথা স্বীকার করতে হবে যে, এ যুগের নারীরা আগের মত গৃহবন্দী নয়, ঘরের বাহিরেও কাজ করছে। পুরুষ যেমন ত্যাগী
নারীও তেমনি সবসময়ই ত্যাগী। একনিষ্ঠ মনে নারী আজীবনই বাধার সঙ্গে সংগ্রাম করে আসছে। সুতরাং দূর হোক নারীর প্রতি সকল সংহিসতা। আজকের নারী দিবস থেকেই আজীবন অব্যাহত থাকুক নারী পুরুষের সমান অধিকার, নারীকে দিতে হবে মানুষের মর্যাদা।পৃথিবীর প্রতিটি প্রান্তরই হয়ে উঠুক নারীর জন্য নিরাপদ। এই পৃথিবীতে নারীও বেঁচে থাকুক মানুষের মর্যাদায়।

1 মন্তব্যসমূহ
উত্তরমুছুনঅভিনন্দন