পোস্ট বার দেখা হয়েছে
ছবি সংগৃহীত
সময়ের চিত্রকল্প
ড. রাখীবৃতা বিশ্বাস
নিয়ম মেনেই সময় কাঁটা
ঘুরছে প্রতিপলে,
সব ঘটনাই থাকছে জমা
কালের দিকচক্রবালে।
ছোট্টবেলা, আমের বাগান
সাথে অমলতাস,
পেরিয়ে উঠোন তুই আর আমি
ইছামতীর পাড়।
বন্ধু, আমি, স্কুলের ব্যাগ আর
ছবির মতো সকাল,
সময় চাকায় ভড় করে
বড় হওয়াই হল কাল।
কেমন করে বদলে গেলি
এক লহমায় বল্?
সত্যি কি তুই খারাপ ছিলি!
সব ভুলে ভরা, তোর ছল?
হিসাব নিকাশ পাল্টে গেলো
চোরা বালি, জল টলটল।
আজকে আমি সবার মাঝেও
ভীষণ ভীষণ একা,
অনেক দূরেই আছি
মনের কোণটা বড্ড ফাঁকা।
সেদিন ছুটে গিয়ে ভেবেছিলাম
তোর পাবই দেখা,
অবুঝ চোখ আজও খোঁজে তোকেই
স্বপ্নে সময়রেখা আঁকা।
যদিও সময়ঘড়ি জানিয়ে গেছে
সেদিনই ছিল শেষ দেখা!
তবু, কোথাও যেন আমরা সবাই
একটু একটু একা।
আচ্ছা আজ ও লিখতে পারিস?
গীটার সুরে বাঁধতে পারিস?
রঙ তুলি আর রেখার টানে,
আজ ও কি আমায় পড়ে মনে?
আজও কি আমায় বাসিস ভালো?
আমি এলেই পাশে,
মনে জ্বলে কি আলো?
না কি গোমড়া মুখটা
হয় আরো কালো ?
তুই তো ভারী অদ্ভুতুড়ে!
তারাখসার মতোই
একটু ভালো।
লেখার পাশে আজ কে বসে?
বৃষ্টিভেলায় দুচোখ ভাসে?
মনের কথায় ডায়রি লিখিস?
না কি স্মৃতির আলোয় জীবন বাঁচিস?
পুতুল দুটো আজও আছে?
আর সেই ছবিটা আঁকা কাঁচে?
গোলাপী সেই হৃদয়খানি
হয়তো আস্তাকুড়েই পড়ে আছে!
সময় হঠাৎ দেখিয়ে দিল,
আসলে সব স্বার্থ ছিল।
তুই ও যে আর সবার মতোই,
বন্ধুতা তোর সাজানো, মিছে!
অনেক দামের বিনিময়ে
আজ সে কথা বুঝেছি যে।
কি পেলি পথ বদল করে?
হাজার নদীর বাঁকে ঘুরে,
ভাসলি শুধুই জলের আঁখরে!
অনেক পাবার আশায় মিশে
ভিক্ষা করিস যশোলাভের আশে,
নোঙর পেলি ভেসে ভেসে?
না কি মজলি কোনো মোহের বিষে!
এক এক সময় লাগে ফাঁকা
মিথ্যেরা সব জাপটে ধরে,
কেন মনে হয় আজ ও তোর ঘরে
মুষলধারেই বৃষ্টি ঝরে!
সবটুকু আজ জানার পরেও
মানতে ইচ্ছা করে না যে!
মিথ্যা কেন মনে আসে?
হয়তো স্বস্তি নেই তোর ও জীবনপুরে!
তাই হারিয়ে গেছিস বহুদূরে।
কি হবে আর ভেবে অত,
আজগুবি সব প্রলাপ যত!
থাকুক ওরা খাতায় বরং
সময় ছড়াক নতুন রঙ।
প্রায় এক যুগেরই অবসানে
জীবন চাকা আজও ঘোরে,
বর্তমানের আবর্তনেও
অতীত চেনা সুরে ফেরে।
আমার মেয়েটা বায়না করে
আর কথায় কথায় দুচোখ ভরে,
জড়িয়ে ধরে আদর করে।
নতুন বন্ধু আমার কোলে,
হাসে, খেলে, কত কথা বলে।
কলকলানো ঝর্ণা রাণী
আমার মতোই অভিমানী,
পাগলী, ভুলো আর উদাসী
অভিযোগ তার রাশি রাশি!
আজ ওকে নিয়েই
এই জীবন বাঁচি,
নতুন স্বপ্নে এ মন বাঁধি।
ব্যাকরণের বাইরে গিয়ে
অনুপ্রাসের সব অমিলে,
অন্তমিলকে শিকেয় তুলে
বিধিনিষেধ সময় ভুলে
আমার মতোই আমি লিখি!
আধুনিক বা বেশ সাবেকী,
সময় সাজায় জলের ছবি।
তাই মনের কথায় চিঠি লেখা
গোপন ঘুমে রুমাল ঢাকা,
মনে মনেই হবে দেখা।
এখন রূপকথাতেই সব কথা,
আর সময়ের ইতিবৃত্তে
চিত্রকল্পের চুপকথা।


5 মন্তব্যসমূহ
❤❤❤❤❤
উত্তরমুছুন👌👌
উত্তরমুছুন👍👍
মুছুনঅসাধারণ......মিষ্টি দি❤❤
উত্তরমুছুনKhub sundor👌👌👌👌
উত্তরমুছুন