দৈনিক কবিতা গুচ্ছ




পোস্ট বার দেখা হয়েছে

                                      ছবি সংগৃহীত 

বিপ্লবী 
 দেবাশীষ

এই শেষবার শব্দ করতে করতে যাবো,
এবার ওপাশের খুড়তুতো ভাইকে ডাকবো না,
মেজকা - ফুলপিসি - সোনা কাকিমাদের জানলা খোলা থাক,
রাস্তায় বলির পাঁঠা হয়ে শুয়ে থাকবো না!  

মিছিলে মিছিলে কাজের শ্লোগান লেখা থাকবে,
প্ল্যাকার্ড জুড়ে পিসতুতো ভাইয়ের কথা,
ঠানদিদির হাঁড়কাঁপুনে মানসিকতায় আর - 
তোকে চুমু খাবো না!  

ছাদের দরজায় বড়দার নাম টুকে রাখ, 
কার্নিশে কার্নিশে ভাইপোর বয়স দোল দেয় জানি, 
বারান্দায় ঢিল ছুঁড়ে যাও কাজের বউ অসময়ে,
রক্ত মেখেছি ছুটের ধুলো ভরা স্মৃতির বুকে,
ভরাট স্রোতে সম্পর্কের চাষ মানবো'না! 

এই সমাবেশে জেঠুদের দল বসে ওই,
চ্যাংড়া ছোড়ার মন চুরি করা বক্তৃতা,  
হৈচৈ সব মেখে নিয়েছি আজ ভাতে তাই - 
ঘর -বাইরে বিপ্লবী সুযোগ ছাড়বো না!  

=====
মধ‍্যরাতের কান্না
মহীতোষ গায়েন

মধ্যরাতে উঠে অসময়ের
আয়নায় নিজেকে দেখি,
সময়ের জাল ছিঁড়ে
বেরুতে গিয়েও পারিনা।

এই জীবন,ফুল,পাখি,প্রেম
কিছুই চিরস্থায়ী নয়,
ভালোবাসায় অমরত্ব
বাস্তবতার ঝলসে ওঠা আগুনে পোড়ে।

যে জন্য এই বাঁচা,এই পথচলা
কর্মপ্রয়াস অনাবিল;
সে তো মুহূর্তের শান্তি দিয়ে
মহাশূন‍্যে বিলীন হয়ে যায়।

সমস্ত পৃথিবী যখন
গভীর ঘুমে আচ্ছন্ন
সুদৃশ্য নির্জনতা শুনতে পায়
মধ্যরাতের কান্না।

=====

যুব ছাত্র
মঙ্গল মিদ্যা (রিপল)


কলমের খোঁচায়, লিখতে বসেছি সমাজের কথা।
কখনো কেউ কি ভেবেছো যুব ছাত্রদের ব্যাথা।।
শিক্ষা, সংস্কৃতি, চাকরী সবেতেই এখন ঘুষের সাথে নেতা বেশি।
যুক্তির কাছে হেরে ওরা শেষে ভয় দেখাবে দিয়ে পুলিশের পেশি।।
মেরে বের করে দে, কলেজ ভোটে দাঁড়াতে যেনো না ওরা পারে।
কে বোঝাবে, এটা শিক্ষা প্রতিষ্ঠান, তোর বাপের হোটেল নারে।।
শিক্ষা দানের গুরুরা কলেজ ভোটে হয়ে যায় ভদ্র শান্ত ও চুপ।
আসল শিক্ষা তখন কেনো দেন না কানমোলা উঠবোস খুব।। 
অল্প বয়সেই রাজনীতির কুপ্রভাবের মগজ ধোলাই কেনো করছেন বলুন।
নিজস্ব বুদ্ধিদীপ্ত ছেড়ে নেতাদের হয়ে বন্দুক তুলে নিচ্ছে, দেখবেন আসুন।।
ছুরির আঘাতে বন্ধুকে মারতে পিছপা হচ্ছে না প্রথম হওয়া ছাত্রটি।
আপনিই বলুন কি হবে তার স্বপ্নে দেখা ভবিষ্যতের আবিস্কারটি??
রাজনৈতিক প্যাচে কতো ছেলেরই ছাড়তে হলো পড়াশোনা।
ভোট এলেই ধর্মের নামে উষ্কে ডাকো আয় একসাথে লড়বো বাবুসোনা।।
আর কতো যুব ছেলের সর্বনাশ করবে বলো তুমি।
তোমার কাছে মন্ত্রিত্বের চেয়ারটাই শুধু দামী??
খুন হওয়া ছেলেটার পরিবারকে টাকা দিয়ে চাও কিনতে।
মনে রেখো বাংলার মানুষের বাকি নেই তোমাকে আর চিনতে।।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ