Diptangshu Ray Mukherjee ( দীপ্তাংশু রায় মুখার্জী)- কবিতা




পোস্ট বার দেখা হয়েছে

শূন্য কফিন


সবাই এসেছে বিপ্লবের এপিটাফ লিখতে...

এখানেই সমাধিস্থ হবে তার দেহ ;
সবুজে ভরে কবরখানা, মুখ নিচু করা পলাশগাছ
আর, বৃষ্টিতে ভিজতে থাকা ইতিহাস –
শুকনো পাতার মতো ছড়িয়ে আছে লাল ঘাস জুড়ে।

সে এখনো ভুলে যায়নি তার মৃত্যুর কথা।
তাকে যখন প্রকাশ্য রাস্তায় ফাঁসি দেওয়া হয়,
তখনই খুলে গিয়েছিল তার পোশাক।
তাকে সর্বশেষ করার জন্য ; যখন একের পর এক অস্ত্রের ঘা
করছিল তাকে ছিন্নভিন্ন
ঠিক তখনই তার রক্তভেজা লাল মাংস পৌঁছে গিয়েছিল
লক্ষ লক্ষ অভুক্ত শিশুর পেটে।
এবং এই কিছুক্ষণ আগে যখন তার হাড়-পাঁজরাকে
ওরা করেছিল বাক্সবন্দি ---
সেই সময় তার হাড়ের গুঁড়ো ছড়িয়ে যাচ্ছে ধূসর আকাশে।

এখন তাই ঝকঝকে মার্বেলে লেখা হচ্ছে - "সেসব দিন মৃত। "
এখন কফিনে বোঝাই করা স্বপ্নের লাশ,
সবাই এসেছে ফুলের তোড়ায় বিষ লাগিয়ে,
বারবার মাইকে ঘোষণা করা হচ্ছে - " মৃত্যু হয়েছে বিপ্লবের। "

কিন্তু সবাই ভুলে যাচ্ছে একটাই কথা —
কিছুতেই মনে রাখতে চাইছে না –
যে সেদিন কফিন মহাকাশের মতো শূন্য ছিল  ;

বিপ্লব ইতিমধ্যে ছড়িয়ে গেছে এই আকাশে, বাতাসে
হাজার মানুষের পেটের ভেতর...।


★ শ্রমিক দিবস ও রুশ বিপ্লবের শতবর্ষ উপলক্ষে লেখা ★


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. আম্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা
    কি লিখবো ভাষা নেই ....অসামান্য লেখার প্রশংসা কি ভাবে করবো!!!
    keep it up
    keep it up

    উত্তরমুছুন