পোস্ট বার দেখা হয়েছে
তিনি আগে ছিলেন নদী
শব্দ তার ঢেউ,
বাক্য তার স্রোত।
সেই জল ছুঁয়েই মানুষের কণ্ঠ
শিখেছিল কথা বলতে।
সুপ্রাচীন বেদ বলেছে—
তিনি শুধু দেবী নন,
তিনি মা, তিনি প্রবাহ।
শিকাগোর সভায়
একটি সম্ভাষণে
যখন বিশ্ব নীরব হয়ে শোনে—
সরস্বতী তখন ভাষার ভেতর দিয়ে মূর্ত হন।
লোকগানে, মঙ্গলকাব্যে,
লেটো আসরে, মুসলমানি ছড়ায়—
কেউ তাঁকে ভাগ করেনি।
তিনি সবার বিদ্যা,
সবার বাণী।
সরস্বতী মানে
শুধু মূর্তি নয়—
বই, গান, প্রশ্ন, বিবেক।
যে বিদ্যা প্রদান করেন
তিনি কখনও বিভাজন বৈষম্য শেখান না।
নদীকে শুকিয়ে দিলে
চেতনার খরাই নামে।
হে বাণী, হে শব্দব্রহ্ম, হে ভগবতী ভারতী
আমাদের ভেতরে আবারও প্রবাহিত হও।
মানুষকে জ্ঞান ও প্রজ্ঞার আলোয় বিকশিত করো।
আমাদের মনুষ্যত্ব প্রদান করো মাতা।
---------------------------------
রচনা- ২৩ শে জানুয়ারি ২০২৬
কোলকাতা ৩০
Photo courtesy - google/ Instagram

0 মন্তব্যসমূহ