বিশ্বশান্তির প্রার্থনায় || জয়দীপ চট্টোপাধ্যায়




পোস্ট বার দেখা হয়েছে


আমেরিকার পথে পথে

হেঁটে চলেছেন একদল বৌদ্ধ ভিক্ষু

নিঃশব্দ পায়ে, দু 'চোখে অপার স্নিগ্ধতা নিয়ে

বিশ্বশান্তির প্রার্থনায়।

তাদের সঙ্গে হাঁটছে

কলকাতার এক পথকুকুর— অলকা।


না আছে তাদের সঙ্গে কোনো ধর্মের নিশান 

না কোনো দেশের পতাকা।


ভিক্ষুরা মন্ত্র জপ করেন

স্বপ্ন দেখেন, মানুষ একদিন নির্মল, পবিত্র হবে।

অলকা শুধু হাঁটে...


শহর প্রতিদিন সাজছে উজ্জ্বল আলোকমালায়,

কিন্তু মানুষের ভেতরে

আজও বুঝি সেই আদিম অন্ধকার !

হিংসা ও মারণাস্ত্রের পাহাড়ে চাপা পড়ে যাচ্ছে 

আগামীর ভবিষ্যৎ।


শক্তিধরেরা চায়

একাই নিয়ন্ত্রণ করতে এই নীলগ্রহ,

আর প্রার্থিত শান্তি 

অপেক্ষায় থাকে, অপেক্ষায় থাকে,

দূরের ঠিকানায়। 


ভিক্ষুরা হেঁটে চলেন ...

তাঁদের হাতের মণিবন্ধে শুধুই নিঃশব্দ প্রার্থনা।


তাদের পাশে অলকা—

তারাও আজ জানে যুদ্ধ কী !

জানে আঘাতের ভাষা,

পাথরের অভিঘাত।


হাজার হাজার বছর ধরে

মানুষের সঙ্গে থেকেছে কুকুর।

শিকারে, পাহারায়,

বিপদের সংকেতে,

বরফের দেশে পরিবহনে,

গবাদিপশুর রক্ষণে।

তবু প্রতিদানে আজও

তারা ডাস্টবিনে খোঁজে খাবার...


অলকা হাঁটে ভিক্ষুদের সঙ্গে—

কারণ শান্তি শুধু মানুষের জন্য নয়,

শান্তি পৃথিবীর সমস্ত প্রাণের অধিকার।

ঘর পাওয়ার, আদর পাওয়ার,

নিরাপদে বেঁচে থাকার অধিকার।


এই অনুচ্চার পদযাত্রা গর্বিত মানুষকে প্রশ্নবিদ্ধ করে ।

যদি দুর্বলকে রক্ষা না করো,

তবে তোমার ধর্ম, বিজ্ঞান, উন্নয়ন 

সবই ব্যর্থ।


আমরা প্রার্থনা করি—

যেন বোমার বদলে

মানুষের হৃদয়ে বিস্ফোরিত হয় বিবেক।

যেন শক্তি ও পরাক্রমের অর্থ বদলে হয়  

সেবা ও সহায়তা।


আসুন আমরা, বৌদ্ধ ভিক্ষুদের 

নীরব প্রার্থনার প্রতিধ্বনি ছড়িয়ে দিই সারা পৃথিবীতে।


প্রকৃতি প্রতিশোধ নেবার আগে

শেষবারের মতো মানুষকে 

নতুন করে একবার ভালোবাসি।


---------------------------------------------

রচনা - ১৩ জানুয়ারি ২০২৬

কোলকাতা

Copiright reserved 

Photo Courtesy - Google

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ