আলোর যাত্রাপথে || জয়দীপ চট্টোপাধ্যায়)




পোস্ট বার দেখা হয়েছে


চোদ্দো প্রদীপ জ্বালাবো আজ —

তুমি পাশে থেকো সুদর্শনা।

তুমি না থাকলে অসম্পূর্ণ হয় উৎসব।


এই আলো বর্ণালী আলোর বাহারি বিচ্ছুরণ নয়,

এই আলো স্মৃতির, শ্রদ্ধার, প্রার্থনার।


মাতৃকুল, পিতৃকুল —

যাঁরা একদিন ছিলেন, আজ নেই 

তাঁদের পবিত্র আত্মার উদ্দেশে

জ্বালাবো এই ছোট প্রদীপগুলো।

অমৃতলোকে পরম শান্তিতে থাকুন তাঁরা, আশীর্বাদ করুন আমাদের।


আমার শিক্ষক, স্বজন- বন্ধু, আত্মীয়, অনাত্মীয়, বিশ্ব নাগরিক, 

যাঁরা চলে গেছেন অকালে 

অতিমারী, রোগ, দুর্ঘটনা, যুদ্ধ কিংবা নরপশুদের তাণ্ডবে...


তাঁদের নিভে যাওয়া চোখের আলোয়

আজ নতুন প্রদীপ জ্বালাতে চাই আমি।


এই প্রজ্বলিত শিখাগুলো

মানুষের অন্তরকে আলোকিত করুক —

বিভেদ, হিংসা, সংকীর্ণতা

এই আলোর সম্মোহনে 

চিরতরে যাক মুছে।


পরমাশক্তি মা কালী, তুমি এসো

আমাদের শ্রদ্ধার আবাহনে।

তোমার আশিসে মুছে যাক সব অন্ধকার, অন্যায়, পাপাচার।


তুমি  আমাদের দাও জ্ঞান, 

প্রজ্ঞা ও সাহসের দীপ্তি।

সব প্রাণী যেন শান্তিতে কাটায় দিন।

সৎ মানুষ যেন মাথা তুলে বাঁচে।

দেশ ও পৃথিবী যেন জেগে ওঠে নতুন বোধের আলোয়।


চারদিকে দুর্যোগের অন্ধকার।

আলোর যাত্রাপথে তুমি পাশে থেকো সুদর্শনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ