মানুষ যখন প্রেমে পড়ে... || অগ্নিশিখা ঝুমঝুম




পোস্ট বার দেখা হয়েছে

মানুষ যখন প্রেমে পড়ে তখন যেন সবকিছুই তার ভালো লাগে, আকাশের গায় সেই মানুষটির ছবি ভেসে ওঠে মনের অজান্তে, নিজের মনেই লাজুক হাসি হাসে। কথার ভাষায় মিষ্টতা আসে , ক্ষমা নামক বস্তুটি যেন মনকে উজাড় করে ভরিয়ে রাখে। সবকিছু লাগে সুন্দর, কত সুন্দর ফুল, কত সুন্দর নদীর স্রোত, কত সুন্দর মিষ্টি হাওয়ায় উড়ে যায় এলোমেলো চুল। ভালোবাসায় নেই কোনো ভুল।


মানুষ যখন প্রেমে পড়ে,মনে হয় সব প্রেমের গান যেন তাকে নিয়েই লেখা, কত মিলে যায় তার জীবনের সাথে। আর প্রেমের কবিতা? মনে হয় কবি কিকরে তার মনের কথা বুঝলো? কবিতার ভেলায় ভেসে ভেসে কোথায় যেন হারিয়ে যায়। ক্ষুধা তৃষ্ণা পায়না, শুধুই মনে প্রেম পায়।


মানুষ যখন প্রেমে পড়ে তার সবচেয়ে প্রিয় জিনিস হয় আয়না। বারবার মুখ দেখতে ইচ্ছা করে নিজের, কি সুন্দর লাগছে , তাইনা? নিজের চোখে চোখ রাখতেও কেমন শিহরণ জাগে শরীরে। ঠিক এমনই মনে হয় আর আবার সেই লাজুক হাসি আসে ঠোঁটের কোনে। চলে যেতে গিয়েও আবার ফিরে তাকায় আয়নার দিকে, গোপনে।


মানুষ যখন প্রেমে পড়ে তখন শুধুই, হ্যাঁ শুধুই ভালোবাসতে ইচ্ছা করে। এই সময়টা মানুষের মনের সবচেয়ে শুদ্ধতার সময়। সবকিছুই সে যেন ভালোবাসার চোখেই দেখে, মনটা কেমন আকুল করে, মানুষ যখন প্রেমে পড়ে। তাকে দেখতে ইচ্ছা করে,বারবার তাকেই দেখতে ইচ্ছা করে।


মানুষ যখন প্রেমে পড়ে....

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ