গণতন্ত্রের উৎসবে আমরা || সুকান্ত মুখার্জ্জী




পোস্ট বার দেখা হয়েছে

নির্বাচন—এ যেন এক চলমান উৎসব, প্রতিবারই নতুন স্বপ্ন, নতুন প্রতিশ্রুতি, নতুন মুখ, আবার কোথাও পুরনো ভরসা। হঠাৎ করেই সরগরম হয়ে ওঠে রাজপথ, মোড়ের চায়ের দোকান, সংবাদপত্রের পাতা কিংবা সামাজিক মাধ্যমের পৃষ্ঠাগুলি। যেন গোটা সমাজটাই তখন এক বিশাল অচল ঘড়ি, যেটা আবার চলতে শুরু করে নাগরিকের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে।


আমি, আপনি, আমরা সকলে তখন কেবল দর্শক নই, নীরব প্রত্যক্ষকারীও নই—আমরা সকলে সক্রিয় অংশগ্রহণকারী। কারণ গণতন্ত্রে ভোট কেবল অধিকার নয়, দায়িত্বও বটে। অথচ এই দায়িত্বপালনের প্রাক-মুহূর্তগুলিতেই ঘনীভূত হয়ে ওঠে ভাষার হিংস্রতা, নীতির বিকৃতি, সৌজন্যের অপমান, আবার কোথাও আশার আলো হয়ে জ্বলে ওঠে সহাবস্থানের গল্প, বন্ধুত্বের মুখ। এই দ্বন্দ্বের মাঝেই আমরা পথ খুঁজি—কে আমাদের কণ্ঠস্বর, কে আমাদের প্রতিনিধি, কে রাখবে সত্যিকারের অঙ্গীকার?


ভাষা, সমাজ ও গণতন্ত্র—এই তিনটি স্তম্ভ যেন অদৃশ্য অথচ সুদৃঢ় বাঁধনে জড়িয়ে থাকে। রাজনৈতিক ভাষা কেবল বক্তব্য প্রকাশের মাধ্যম নয়, বরং তা-ই সমাজের মনোজাগতিক চিত্র। যখন ভাষা মর্যাদা হারায়, তখন গণতন্ত্র ব্যথিত হয়। ভাষার মধ্যে যদি থাকে বিদ্বেষ, বিভাজন আর হিংসা, তবে সে ভাষা গণতন্ত্রের নয়, ক্ষমতালিপ্সার; আর যদি থাকে পরস্পরের প্রতি শ্রদ্ধা, সহমত ও সৌজন্য, তবে তা গণতন্ত্রের ভাষা।


সমাজ তো আর কোনো নির্জীব বস্তু নয়, সমাজ মানেই তো মানুষের মিলনস্থল, মতপার্থক্যের মধ্যেও সহাবস্থান। গণতন্ত্র সেই সহাবস্থানেরই দিশা দেখায়। আমাদের ব্যক্তিগত ও সম্মিলিত চেতনার বিকাশ এই গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়েই সম্ভব। কিন্তু প্রশ্ন থাকে—আমরা সত্যিই কী বুঝে ভোট দিই? আমরা কী বিচার করে আমাদের অধিকার প্রয়োগ করি? শুধুই চমক আর প্রচারের ফাঁদে পা দিই না তো?


গণতন্ত্রের সৌন্দর্য এই যে, সে প্রশ্ন করতে শেখায়, মত গড়তে শেখায়, প্রতিবাদ করতে শেখায়, আর সর্বোপরি, শ্রদ্ধাভরে ভিন্নমতকে গ্রহণ করতে শেখায়। আর তাই প্রতিবার যখন নির্বাচন আসে, তখন কেবল দল না দেখে, মুখ না দেখে, বরং নীতি, দর্শন ও কাজকে দেখে যেন আমরা সিদ্ধান্ত নিই। কারণ ভোট একদিনের কাজ হলেও, তার প্রভাব বহুবছরের।


এইবারের নির্বাচনের ভাষা, মনোভাব ও তার অভিঘাত আমাদের সমাজে কী দাগ রেখে যাচ্ছে, তা-ই ভাবার সময় এখন। আমরা কী চাই—উন্নয়ন, নাকি বিভাজন? আমরা কী খুঁজি—বিকাশ, নাকি প্রতিশোধ?


আজ যখন চারপাশে শুধু প্রচার আর প্রতিপক্ষকে টেক্কা দেওয়ার ঝড়, তখন একটু থেমে ভাবি—ভোট মানে কেবল পোস্টার নয়, ব্যানার নয়, কনসার্ট নয়, প্রতিশ্রুতির বন্যাও নয়। ভোট মানে—আমার ভবিষ্যৎকে গড়ে তোলার একটি সুযোগ। ভোট মানে, সমাজকে আরও সহনশীল, আরও সচেতন ও আরও মানবিক করে তোলার এক সংবেদনশীল প্রয়াস।


সেই প্রয়াসেই আমরাও যুক্ত হই, সক্রিয় হই—গণতন্ত্রের এই চলমান উৎসবকে সত্যিকার অর্থে সফল করে তোলার লক্ষ্যে।


গণতন্ত্র কেবল একদিনের নির্বাচন নয়—এ এক চলমান চর্চা। নির্বাচনের ফল ঘোষণার পরও গণতন্ত্র বাঁচে মানুষে মানুষে বিশ্বাসে, বিরুদ্ধ মতের সম্মান জানিয়ে, সংবিধানের মর্মবাণী রক্ষা করে। অথচ বাস্তবে দেখা যায়, নির্বাচন যত এগিয়ে আসে, রাজনীতি যেন ততই ব্যক্তিগত হয়ে পড়ে। মতপার্থক্য থেকে বিভেদ, বিতর্ক থেকে বিদ্বেষ—এই প্রবণতা আমাদের গণতন্ত্রের গভীরে একটি নীরব ক্ষয় সৃষ্টি করে। যেন ভোটের পরে মানুষের মুখে শুধু জয়-পরাজয়ের গল্প, আর হেরে যাওয়া একশ্রেণি মানুষের প্রতি অবজ্ঞা।


কিন্তু আমরা ভুলে যাই—গণতন্ত্রে কেউ স্থায়ী বিজয়ী নয়, কেউ স্থায়ী পরাজিতও নয়। গণতন্ত্র মানে ক্ষমতার পালাবদল, মতামতের পরিবর্তন, আর নাগরিকের সদা-জাগ্রত বিবেক। একজন ভোটার যখন নিরপেক্ষতা ও যুক্তির দৃষ্টিকোণ থেকে ভোট দেন, তখনই গণতন্ত্র শক্তিশালী হয়। পক্ষপাতদুষ্ট ভোট গণতন্ত্রকে দুর্বল করে, আর দুর্বল গণতন্ত্র সমাজকে বিভক্ত করে তোলে।


তাই এখন সময়—আমাদের সচেতন হওয়ার, আমাদের প্রতিবাদের ভাষা শুদ্ধ করার, আমাদের সমালোচনাকে গঠনমূলক করার। প্রার্থীর রং, জাত, ধর্ম বা ভাষার চেয়ে তার আদর্শ, কর্মধারা ও জনসেবার মানসিকতাই যেন হয় আমাদের মূল্যায়নের মাপকাঠি। একইসঙ্গে, নির্বাচন কমিশনের ভূমিকা, গণমাধ্যমের সততা, এবং নাগরিক সমাজের নজরদারিও হয়ে ওঠে গুরুত্বপূর্ণ।


আমাদের সন্তানদের কাছে কী রেখে যাচ্ছি আমরা? একটি বিভক্ত সমাজ না কি একটি সহিষ্ণু ভবিষ্যৎ? গণতন্ত্র যেন কেবল রাজনৈতিক শ্লোগানে আটকে না থাকে, তা হোক আমাদের জীবনের মূল্যবোধে, আমাদের পরিবারের শিক্ষা-সংস্কারে, আমাদের প্রতিবেশীকে সম্মান জানাতে।


এই গণতান্ত্রিক যাত্রার পথে, ভোটদান হোক প্রথম ধাপ। তার পরেও থাকুক সচেতন অংশগ্রহণ—পরিবর্তনের দাবিতে লেখা, প্রতিবাদের ভাষায় মানবিকতা, প্রশ্নের ভেতরে দেশপ্রেম। ভোট মানে শাসকের মুকুট নয়—ভোট মানে, আমজনতার কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর যেন কেবল উৎসবের দিন নয়, প্রতিদিন বজায় থাকে যুক্তি, মর্যাদা ও মানবতার ভিতর দিয়ে।


এই সংখ্যায় আমরা যে আলোচনা, ভাবনা ও বিশ্লেষণ তুলে ধরেছি, তার মূলে একটাই আহ্বান—“গণতন্ত্রকে ফিরিয়ে দিন তার আসল অর্থ, ফিরিয়ে দিন ভাষার সৌজন্য, নীতির স্বচ্ছতা, ও নাগরিক চেতনার দীপ্তি।”



পরিশেষে বলি:



ভোটের দিনে নয় শুধু, প্রতিদিন গণতন্ত্র বাঁচে,

সচেতন মন প্রশ্ন তোলে, সত্যের আলোর আঁচে।

ভিন্ন মতের মর্যাদা হয়, সম্মানে তার রঙ্গ, 

ভাষা হোক সৌজন্যময়, তাতে জাতির মঙ্গল। 


চমক নয়, দরকার এখন বিশ্বাসের নিরীক্ষণ,

নীতিহীন শাসনের বুকে চলুক সমালোচনার অনুবীক্ষণ। 

নাগরিক যেন শৃঙ্খলহীন নয়, জাগুক কর্তব্যবোধ,

গণতন্ত্র মানেই তো নয় ক্ষমতার ক্ষণিক জয়-পরাজয়। 

ভোট মানে দায়িত্ব, শুধু অধিকার নয়,

চেতনার দীপ্তিতে গড়ে উঠুক দেশের ভবিষ্যৎ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ