গণতন্ত্রের উৎসবে আমি। জয়ীতা চক্রবর্তী আচার্য




পোস্ট বার দেখা হয়েছে

গণতন্ত্রের উৎসবে আমি।

আমার ভোটার কার্ডে

মাটি, ঘাম আর লোনাজলের গন্ধ—ভোটদানের লাইনে দাঁড়িয়ে

দেখি, বুড়ো আঙুলের নীল দাগ

ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে,

কিন্তু বুকের ভেতরের দাগ

বছরের পর বছর রয়ে যায় অমোচনীয়। 

যেন এই একটুকরো কাগজই

আমার সমস্ত অস্তিত্বের দলিল।


 চারপাশে রঙিন পতাকা, মাইকের আওয়াজে ভেসে আসছে সস্তা প্রতিশ্রুতির ঢেউ। মুখগুলো হাসছে—এক ধরনের মৌসুমি হাসি, যা কেবল ভোটের আগে ফোটে। আমি লাইনে দাঁড়িয়ে আছি, হাতে ভোটার কার্ড। এই কার্ডের কাগজে আছে মাটি, ঘাম আর লোনাজলের গন্ধ—আমার বেঁচে থাকার একমাত্র সরকারি প্রমাণ। বুড়ো আঙুলে যখন নীল কালি লাগলো, মনে হলো একটা চিহ্ন পেয়েছি, কিন্তু জানি—এই চিহ্ন কয়েকদিনে মুছে যাবে, অথচ বুকের ভেতরের চিহ্নগুলো বছরের পর বছর থাকবে। আমি ভোট দিলাম, কারণ জন্ম থেকেই শিখেছি কিছু পেতে হলে আগে মাথা নত করতে হয়। স্লোগান, গান, ঢোলের আওয়াজে আমার কণ্ঠ মিলিয়ে গেল। জানি, পাঁচ বছর পর এই একই পথে আবার হাঁটতে হবে, একই উৎসবের জন্য, একই প্রতিশ্রুতির অভিনয়ের জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ