পোস্ট বার দেখা হয়েছে
নির্বোধ
সময়গুলো একের পর এক
না চলে গেলে
বুঝে ওঠা বড় কঠিন হয়ে যেতো
আপন কে!
যা কিছু তোমার আপন
যা কিছু আমার আপন
আপন বলি
স্বপ্ন রাতের আবেগী সিঁড়ি ভাঙ্গার সাথে সাথে উধাও!
কলমের কালি শেষে
পৃষ্ঠাগুলো স্যাঁতসেঁতে আবহাওয়ায় নিঝুম বসে আছে ,
অপরাধবোধে ঘেমে একাকার মানবীয় শরীর।
আপন আঙুল ছেড়ে গেছে বিস্তীর্ণ আকাশ
হাড়ের কাঠামোয় উড়ছে আগুনের লেলিহান ফুলকি;
নিতান্ত আপন যে সময়টুকু ছিলো
অস্তিত্ব-প্রলোভনের ফাঁদে পড়ে
বাকি আবদারটুকু হারিয়ে
দীর্ঘশ্বাসের জল গড়িয়ে দেয় ক্লান্ত চোখের কোণে।
প্রয়োজনের
হিসেব-বেহিসেবের ধাঁধায়
গড়ে তোলা পৃথিবীর রহস্যময় আচরনেও
নবজাতক শিশুর মত হয়ে যাই নির্বোধ!
====
সময় এখন শান্ত নয়
বাতাসে বাতাসে উড়ে চলা গন্ধে
প্রাণিজ লাশের অস্তিত্ব খোঁজে হয়রান প্রিয়জনেরা।
মুখোশে ঢেকে থাকে লোভনীয় মুখ,
অস্তিত্বের সংকটে
পোড়া শব্দগুলো
অশরীরী আস্থায় উত্তরীয় পরিয়ে দেয় । গর্তে ঢুকে যায় জীবন।
সময় এখন শান্ত নয়,
অশুভ নখের আঁচড় স্পষ্ট,
হা-করা দাঁতের ফাঁকে জিভ লকলক করা
লালা ঝরছে,
চোখের দৃষ্টিতে হৃদযন্ত্রের বিকলতা বেড়ে চলে অবিরত!

0 মন্তব্যসমূহ