দুইটি কবিতা || রাজা সাহেব মুখার্জী




পোস্ট বার দেখা হয়েছে

কেনো সূর্য্য ওঠে?


যখন একই অন্ধকার বার বার গিলে ফেলে 

সবটুকু সাদা আলো,

কেনো তবে সূর্য্য ওঠে রসিকের মতো?

আমাদের শৈশব,যৌবন চুরি গেছে এভাবে রাতে নিশ্চুপে।

তবু বার্ধ্যকের কাঁপা হাতে চায়ের গ্লাস ধরিয়ে এখনো সূর্য্য উঠছে!

হ্যাঁ একটা গোটা পৃথিবী খুন হবে বলে গতকাল সন্ধ্যায় হারিয়ে গিয়েছিলো ন্যায়ের প্রতীক।

তবে আজ পুনর্বার ভোরে কেনো এই উপহাস!

একটি জীবনে এতবার সংশোধনের সুযোগ দিতে সুর্য্যের এই কাতরতা কেনো?

আমরাতো বেশ মশগুল হয়ে 

দিনের আলোয় আবার সাজাতে বসেছি নতুন অপরাধের ব্লুপ্রিন্ট!

তাহলে এসব সহ্য করেও

কেনো সূর্য্য ওঠে আবার এই

অন্ধকার পৃথিবীতে অন্ধের মতো?

=====

সমাধি


একদিন আবার হঠাৎ যদি

চলে যায় তোমার উঠানে,

অজান্তে পাখি হয়ে বসি ঐ 

আমের শাখায়,

শিস দিয়ে ডাকি নাম ধরে,

তখনও নাহয় তাকালে সেদিকে

ডাকলেনা ভিতরে অনাদরে,

তবু একবার চোখের পল্লবে 

চোখ মেলবো বলে,

বাঁশির মতো গলা ফাটিয়ে যাবো

রাধে রাধে বোলে!

রাগ,অভিমান,অস্বস্তির সীমা ট্পকে 

যদি পাখি গেয়ে যায় আমরণ,

তবে তোমার উঠানের এক কোণে 

সমাধি গড়ে দিও একটুকরো পাথরের 

যে অবহেলায় পড়ে ছিলো দরজায়!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ