পোস্ট বার দেখা হয়েছে
জায়গা আছে
খুব বেশী দুঃখ পেলে
চলে আসিস আমার কাছে
তোর জন্য বুকের ভিতর
এখনও অনেক জায়গা আছে
মনে ভীষণ কষ্ট হলে
ছুটে এসে বুকে আমার ঝাঁপিয়ে পড়িস
ভালবাসা পড়লে ঝরে ধীরে ধীরে
মন খারাপের ভাবনাগুলো আমাকে দিস
মান অভিমান যা আছে তোর
আমার কাছে জমা রাখিস
কেউ না চিনুক
তুই তো আমায় ভাল চিনিস
বুকের ভিতর প্রেম না থাকুক
তোর জন্য অনেকখানি জায়গা আছে
ভীষণ রকম মন খারাপের দিনগুলোতে
চলে আসিস আমার কাছে
------------------------------------------
প্রার্থনা
এখন কবিতার শব্দগুলি সরাসরি উঠে আসুক
বুলেটের মতো দাঙ্গাকে বিদ্ধ করে
এখন কবিতার ছন্দ আচমকা বেজে উঠুক
ডুগডুগির মতো,সাম্প্রদায়িক পিঠের চামড়ায়
এখন কবিতার রূপকল্প
বুকের ভিতর জ্বলে উঠুক মশালের মতো
যাতে অন্ধ সংস্কারগুলো সব
একসঙ্গে দাউ দাউ করে পুড়ে যেতে পারে
এখন আর কোনো কথা নয়
আমাদের একমাত্র জপের মন্ত্র হোক
অন্য কোন অমৃতলোকে নয়
এই মর্তলোকেই মানবতা মূর্ত হয়ে উঠুক
--------------------------
স্বপ্নরেণু
মুঠো ভর্তি ফুলরেণু
রংবেরংয়ের আশা একদিন ভাষা পাবে ভেবে
তুলে রাখি গোপনে সিন্দুকে পরম আদরে
নিন্দুকে বলবে কত কথা তা ও জানি
তবু কাঁথা কানি জড়িয়ে এসো বসি এখন
এইবার শীতে আর কোথাও যাব না বেড়াতে
অন্তরে তুমি গান ধরবে গুনগুন স্বরে
মৌমাছিরা ছুটে আসবে ঘরে আদর করবে
সব রেণু ঝরে পড়বে তোমার উপরে
এরপর ফিরে যাবে ওরা
তারপর কি যে হবে
তা কি কোনদিনও ভেবেছো অন্তরে
সে কথা কি তুমি জানতে চাও তবে
কোথায় কি ঘটবে জীবনে কবে
শোন তবে
মুঠো ভর্তি রংবেরয়ের স্বপ্ন আশা
একদিন ভাষা পেয়ে ফুলের মতো ফুটবে
তারপর দ্রুত
মৌমাছিরা ছুটবে আনন্দে দিশেহারা হয়ে
তাতে তুমি আবার কুঁকড়ে যেয়ো না ভয়ে
----------------------------------
সাদা পাতা
একটি সাদা পাতা কবির মুখোমুখি প্রতীক্ষায়
কলঙ্কিত হবার প্রত্যাশায়
কবি অনেকক্ষণ তাকিয়ে রইলেন তার দিকে
প্রথম শব্দটা কি লিখবেন ঠিক বুঝে উঠতে পারছেন না
কবি তার শুদ্ধতার মোহে পড়ে গেছেন
কাটাকুটি করা তার ইচ্ছে নয়
ভাবলেন 'ভালবাসা' কথাটি লিখবেন
তারপর ভাবনায় পড়লেন তিনি
কাকে এবং কেন ভালবাসা
কবি খুব সতর্ক ও সাবধানী
যাতে কোন কাটাকুটি করতে না হয়
একটি গোটা লাইন মাথায় এলে তবেই তিনি লিখবেন
ভাবলেন লিখবেন 'ভালবাসা ফিরে এসো তুমি'
পরক্ষণেই ভাবলেন কার কাছে ফিরে আসবে
এমন সময় ডোরবেল বেজে উঠলো
কবি একবার সাদা পাতাটির দিকে নির্মোহ তাকালেন
তারপর অনিচ্ছা সত্বেও উঠলেন
দেখলেন এক ভক্ত পাঠিকা এসেছে
নিষ্কলঙ্ক সাদা পাতাটি হো হো করে হেসে উঠলো,
কবি তার শব্দ শুনতে পেলেন
কবিও নিঃশব্দে হেসে পাঠিকাটির নিষ্পাপ চোখে তাকালেন
তারপর বুঝলেন ভালবাসা ফিরে আসবে কেন এবং কার কাছে
--------------------------------
বুঁদ হয়ে থাকা
দুঃস্বপ্নের রাত্রি এসে মুছে দেবে সব এও কি সম্ভব
দুর্বিসহ অন্ধকার কেড়ে নেবে
জীবনের আনন্দ উৎসব
করাল আঁধার এসে মুছে দেবে সব
কি জানি কি হয় জাগে মনে ভয়
তবু মনেহয় ভোর হলে পাখি জাগে
নানা সুরে করে কলরব
এও তো জীবনের আনন্দ উৎসব
ঘুম ভেঙে, সকালের রোদে জানলায় দেখি
নিকটে জারুল গাছে পাখিদের বার্তা বিনিময়
সকালটা মনে হয় যেন ঠিক স্বপ্নের মতো
বহুকাল পর এমন সকাল আসে জীবনে যখন
তখন সব কিছু খুব প্রিয় মনে হয়
কয়েকটি পাখির ডিম পড়ে আছে নীড়ের ভিতরে
আমার তো ডিমের ভিতরে যেতে খুব ইচ্ছে হয়
সেখানে নীরবে শুধু
কুসুমের মতো নিজের ভিতরে একা
ইচ্ছের হলুদ ওমে বুঁদহয়ে থাকা

0 মন্তব্যসমূহ