দর্পণ || কবিতা গুচ্ছ || সোহেল মাহমুদ




পোস্ট বার দেখা হয়েছে

প্রতিদিন ভুলে যাই দয়িতার চোখ


প্রতিদিন ভুলে যাই দয়িতার চোখ,

ভুলে যাই ভুল চুম্বন।

ভুলে যাই আশকারা, অলিখিত সুখ;

লাজে অবগুন্ঠিত মন।

জামপাতা কামিজের বোবা জুঁইফুলে

প্রজাপতি শরীরের ঘ্রাণ।

পুরাতন বাতাসের বেতমিজ চুলে

কোকিলের কুহু কলতান।

হৃদয়ের সিন্দুকে জমা সংলাপ

পাঁজরের হাড়ে লেখা নাম।

ভুলে গেছি বিশাখার স্বর্গীয় পাপ

প্রণয়ের প্রিয় বদনাম।

যে সময় চলে গেছে-  যাই যাই করে,

রেখে গেছে অমায়িক ভুল।

দু চোখের আরশিতে উপছিয়ে পড়ে

বিম্বিত ক্রন্দনরোল!


************************


প্রেম এক নিষিদ্ধ গন্ধম



প্রেম এক নিষিদ্ধ গন্ধম,

ঈশ্বর প্রদত্ত সুন্দরতম ভুল।

তাই আমি প্রেমান্ধ আদমের মত

নির্দ্বিধায় লঙ্ঘন করে ঈশ্বরের আদেশ,

মহাশূন্যে ছুঁড়ে দেই স্বর্গীয় প্রাসাদ।

নিঃসীম প্রণয়ের দণ্ডিত পারওয়ানা নিয়ে

বারবার নির্বাসিত হই এই মৃত্তিকায়।


***************************


চুমুর লকেট



ইচ্ছে ছিল তোমার বুকে ঘর বানাবো,

জমজ চোখে সাঁতার কাটবো সারা জীবন।

কিন্তু দেখো বিধিবাম এর নিঠুর খেলা,

কৃষ্ণচূড়া রঙিন ঠোঁটের বারান্দাতে 

হয়নি হাঁটা এক কদমও ।

শুভ্র নরম চাঁদের বুকে পাড়ি দেয়ার 

অদম্য সেই আকাঙ্ক্ষারা

সংগোপনে শপথ করা তাজমহলের ইট-পাথরে

অথবা এক তীব্র  চুমুর লকেট হয়ে ঝুলে আছে

মনের বনের পিপাসিত ডালপালাতে।


*********************


হৃদয় এক বেনামি ঈশ্বর



যুবতী সময়ের ঘ্রাণ

হাতের মুঠোয় নিয়ে বসে আছি একশ বছর।

আলিঙ্গনের উষ্ণতা ঈদের পাঞ্জাবির মতো 

জড়িয়ে রেখেছি অনাবৃত স্মৃতির শরীর।

বিহঙ্গ মেঘ হয়ে আকাশে উড়ে বেড়ায়

শাকিলার সাদা ওড়না।

কপালের টিপ অনির্বাণ নক্ষত্র হয়ে

অনিমিখ ঝুলে থাকে বিমুগ্ধ চোখের পাতায়।

কৃষ্ণচূড়া ঠোঁটের লাল চুম্বন

যদিও মমি করে রেখেছেি নির্বাসিত চিবুকে,

খোলা চুলের মিহি সৌরভ

অবগুণ্ঠিত বুকের বাতাসে।

তবুও অনবদ্য প্রেমের নিষিদ্ধ প্রাচীর পেরিয়ে 

অধরা অমরাবতী।

বুকের সিন্দুক ভেঙে অকস্মাৎ জেগে উঠে 

শাকিলার শেষ চিঠি।

অনিষ্পন্ন উপসংহারে লেখা

"হৃদয় এক বেনামি ঈশ্বর"


********************


বুকের পিরামিডে



তিতাসের জলের মতো রূপালি জোছনায়

ইচ্ছেগুলো ভিজিয়ে রাখি।

যুবতী দিনের অনাবৃত সৌরভ

ঝুলিয়ে রাখি হৃদয়ের আলনায়।

বুকের পিরামিডে একজোড়া ঠোঁটের মমি-

অনঙ্গ চোখে চেয়ে থাকে নক্ষত্রের মতো।

একজোড়া পা নিঃশব্দে হাঁটে

বয়স্ক দিনপঞ্জীর অপলক পৃষ্ঠায়।

চোখের সমুদ্র তুলে রাখি সময়ের সিন্দুকে।

যেমন করে নিঃশ্বাস তুলে রেখেছি- 

ভাঙা বুকের অরক্ষিত আলমিরায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ