দর্পণ || কবিতা গুচ্ছ || অভিষেক চট্টোপাধ্যায়




পোস্ট বার দেখা হয়েছে


মন খারাপের কোনো দিক থাকে না। মানুষ সহজেই আবেগী সত্ত্বার উপর ভর করে, দিব্যি মেঘলা দিনে ফেলে আসা কোনো ভুলের দরজায় ঠিক পৌঁছেই যায়। বাইরে আকাশের মন খারাপ নাকি আমার মনের ভিতরের? ভাবনার জটিলতায় বৃষ্টি নামে বাইরে ও ভিতরে। অনেক কিছু করার ছিল, অনেক কিছু বাকি আছে লিখতে লিখতেই হয়তবা খেরোর খাতা শেষ হয়, নতুবা শেষ হয় পেনের কালি। তবু হিসাব মেলে না। এইভাবেই দিন শেষ হয়, ঘাটে খেয়া আসে।




আমাদের ঘরের দেওয়াল জুড়ে একটা ক্যানভাস থাকবে। আমরা দুজনেই প্রতিদিনের রাগ, দুঃখ, মান-অভিমান, কষ্টগুলোকে কালো পেন্সিলের আঁচড়ে ছড়িয়ে ধূসর করে তুলব, আর গড়ে তুলব আমাদের 'বিষাদ ঘর'। তারপর.... সপ্তাহান্তে সেটাকে দুজনেই ভাসিয়ে দেব গঙ্গায়, পবিত্র হতে। এইভাবেই একটু একটু করে সম্পৃক্ত হবো আমরা। গড়ে উঠবে ভালো বাসা।



রাত্রি, তুমি আমায় সন্ধ্যা নামার গল্প বোলো। দিনান্তে

পশ্চিম আকাশে লাল রঙের আবাহনী। তারপর... ঝুপ করে তার দিগন্ত জোড়া বিস্তার। আচ্ছা, লাল রং কি ভালোবাসার? নাকি অভিমানের? কালো আকাশের গায়ে যেন সাদা মুক্তোর চাঁদোয়া বিছানো।  সেই আলোর পথ পেরোলে হয়ত চড়কা বুড়ির দেশ। যা জিগিষা, সেই অনন্ত যেন চোখের সামনে এসে হাতছানি দেয় মহাশূন্য হয়ে। রাত্রি, ক্লান্ত দিনের শেষ প্রহরে আবার ফিরে আসার স্বপ্ন দিও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ