হরিৎ বন্দ্যোপাধ্যায়




পোস্ট বার দেখা হয়েছে

এলোমেলো রঙের ঘরকন্না 


১।

এই যে আমাকে দুটো লোক চেনে, আমি তাদের কোনো ইতিহাস জানি না। কোন মাটিতে তারা আমাকে দাঁড় করিয়েছে — কেই বা জানে তার ইতিহাসের গোড়ার কথা। তবুও তারা আমাকে লিখেছে, এখনও লিখছে। এ আমার এক নতুন নির্মাণ। 


২।

অনেক রাতে ঘুম এলে মনে হয় যেন প্রচুর রাস্তা হেঁটে এলাম। খুব যে কাউকে চিনি তা ঠিক নয়। দু’একজন ডেকেছিল, দাঁড়াইনি যদিও। সময় কাটবে অথবা কথাদের খুব প্রয়োজন, এমনও মনে হয়নি। ফিরে এসে যখন কিছুই মনে পড়ে না তখন চিরচেনা মুখের কাছে হারিয়ে যাই।


৩।

দিনের আলো আর কথাদের আলো এক হয়ে গেলে চোখ ঝাপসা হয়ে যায়, নিজের কথা রাখার জায়গা পাই না, রাতের আলোয় কথাদের সঙ্গে দেখা হলে খুব আনন্দ হয় — এসব বাবা বলতেন। রাতে বাড়ি ফেরার কথা বললে বাবা খুব জোর হেসে উঠতেন — এমন সময়ে বাড়ি খুঁজে পেলে তোদের নিবাস হারিয়ে যেতে পারে। 


 ৪।

এক একদিন অনেক রাতে আমরা সপরিবারে দূরের গোয়ালবাড়িতে গোরুকে খাওয়াতে যাই। ঘুম ভেঙে গেছে যাদের মা তাদের মুখে খড় দেয়। বাবা দু’একজনকে ডেকে তোলে। আমি বঁটিতে খড় কাটতে কাটতে ভাই বোনদের সঙ্গে গল্প করি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ