পোস্ট বার দেখা হয়েছে
উপেক্ষিত উপন্যাস
আমার উপেক্ষিত উপন্যাস
যা ছিল সমস্ত দৃষ্টির আড়ালে
সেটাই তো এখন একান্ত আপন ,
প্রতি পাতায় অপূরণীয় বিশাল খাদ ।
তোমার সহানুভূতি ঋদ্ধ প্রতিটা মুহূর্ত
আমার বিঁধে পলে পলে ,
অদৃষ্টের অবহেলা, ভুলের ভারী বোঝা,
দীর্ঘশ্বাসের গোপন আর্তনাদ !
তবুও বলি এই বেশ আছি ভালো !
আমি আর আমার সুবুদ্ধি সম্পন্ন যন্ত্রণা
কেবলই করি বেঁচে থাকার মন্ত্রণা ,
জ্বালাবার অবকাশ আর পায়না অবসাদ ।।
*****************
নীতি নিঃসঙ্গতায়
বিলাপী বাসনা সতন্ত্র সত্তায়
ধূসর ধোঁয়াশা নীতি নিঃসঙ্গতায় !
শিউলি তলায় যাওয়া আসা
যৌবনের ভালোবাসা,
বাড়ছে বয়স দারুণ দেহে
বিবেকের বান সস্নেহে,
শেষের ও এক আছে ইতি
ভুলের বোঝা কূটনীতি ।
একতারার তারে বাঁধা
কলুর বলদ, গোলক ধাঁধা,
বৃদ্ধাবাসের বিষাদ বায়ু
নিভু প্রদীপ ফুরায় আয়ু ।।
*************
শিমূল পলাশ আমন্ত্রণে
ফাল্গুনী চাঁদ ডুব দিয়েছে
আবির রাঙা সাগর মাঝে,
দিকে দিকে দিগন্তিকা
বর্ণে বর্ণে উঠলো সেজে।
সালঙ্কারা রাত সোহাগী
কোন নেশাতে মাতাল হল ?
ফাগুন হিয়ায় আগুন জ্বেলে
আচমকা সব পুড়িয়ে দিল !
পুঞ্জিভূত প্রেমের খিদে
মুছে গেল একনিমেশে,
এক পৃথিবী বিষাদ মুছে
উঠলো হেসে অবশেষে ।
শিমূল পলাশ আমন্ত্রণে
দশ দিশায় পড়লো সাড়া
রঙের খেলায় উঠলো মেতে
ধনী গরীব সকল পাড়া ।।
*****************
তুমি ছিলে খুব কাছে !
কলমের তীক্ষ্ণ অনুভূতি
শব্দের গভীর ভাবাবেগ ,
সাদা কাগজ কখন হাসে
আবার কখনোবা নোনা জলে ভাসে !
নির্জন মনের শুষ্ক মরুতে
নিষিদ্ধ মেঘের আনাগোনা,
নিঃসীম যন্ত্রণারা জোনাকমালা হয়ে
গাঢ় অন্ধকারে আসে ফিরে ।
কবিতার মঞ্জরী সুরভিত
একাকিত্বের গ্রাসে !
প্রদীপের শেষ শিখা কাঁপে অহেতুক !
এক অনন্য অনুভবে জাগে আকাশ মাটি ।
ভালোবাসার অর্ঘ্য নিয়ে তুমি ছিলে খুব কাছে
তবুও ব্যথার ভিড়ে, অদৃষ্টের মারে
কোথায় যেন গেলাম হারিয়ে!
গেলাম হারিয়ে !!
****************
স্বপ্ন বাসর
স্বপ্ন বাসর আকাঙ্খা শিকড়
মরীচিকা মায়াজাল
ক্ষত বিক্ষত বিশ্বাস গুলো
বঞ্চিত চিরকাল !
মেকি সম্পর্ক ভালোলাগাহীন
অভিনয়ে রাখি ভিজে,
ভুল করে ভুলের বোঝায়
হারিয়ে যাই নিজে !
অমৃত ভেবে চুম্বন দিয়ে
কলকুট করি পান !
মেঘ কুয়াশার দোলাচলে
আকাশের অভিমান ।
মাস্তুলে বাঁধা ধর্মধ্বজা
শ্যাওলা ভরা ডিঙি,
মলিন গালিচা, জীর্ণ পাতা
চাপা কান্নার ধ্বনি !
শূন্য পথে শূন্য হাতে
চলতে চলতে ভাবি
শিথিল ব্যথা, শীতল প্রাপ্তি
মৃত্যু বসালো দাবী !!

0 মন্তব্যসমূহ