পোস্ট বার দেখা হয়েছে
নীলা
সুদূর প্রবাস থেকে অরিন্দম বলল ফোনে,
“ জানিস, আজ নীলার সঙ্গে হয়েছিল দেখা। ”
নীলা !
কী যেন ছিল তোমার মধ্যে
অনিন্দ্য সুন্দরী নও, পোষাকেও ছিল না কোনো
আধুনিকতার ছাপ। তবুও এক দুর্বার আকর্ষণে
বারবার গিয়েছি কাছে। কিন্তু কখনও পারিনি বলতে
তুমি ছেয়ে থাক দিনমান আমার হৃদয় গভীরে।
একদিন একটি অনুষ্ঠান শেষে
বললে কাছে এসে, “ কী দারুণ লিখেছো কবিতাটি
আর বললেও সমস্ত প্রাণ ঢেলে। ” সেদিন
শুধুই বর্ণালী আমার সমস্ত আকাশ জুড়ে।
সেদিন প্রথম কবির সম্মাননা পেয়েছিলাম আমি।
তখন কেটেছে অস্থির সময়, দখিনা বাতাস
সবুজ শস্যক্ষেত্র, রাতের আকাশে মুগ্ধ সপ্তর্ষি
না বলা কথার মিছিল দুরন্ত প্রহরে একাকার।
দুই দশক কেটে গেছে। বলল অরিন্দম, “ বলেছি নীলাকে
তুই ভীষণ চাইতিস ওকে, পারিসনি কখনও বলতে।
দেখলাম ওর মুখে হঠাৎ বিস্ময় চোখে কষ্টের ছায়া
মাথা নিচু করে রইল একদম নিশ্চুপ হয়ে। ”
নীলা
কেন এই কষ্টের ছায়া নেমে এল তোমার দুচোখে ?
***************
এই প্রতীক্ষা
শেষ প্রহরে ক্লান্ত চাঁদের আলোয়
ঘুমভাঙা আঁধারে নেমে আসে কিছু অস্পষ্ট ছায়া
যা ছিল কখনও সোনালি সুন্দর ভৈরবী আঁকা
শিশির বিন্দু শোভিত মাধবী জলতরঙ্গ ।
নির্দিষ্ট বলয়ে ঘোরে পরিচিত পৃথিবী
পরম শ্রদ্ধায় সাজানো হয় পূজার আয়োজন
মন্ত্রে, ধূপে, পুষ্পে, চন্দনে নিবেদিত শত প্রাণ
তবুও কিছু থেকে যায় নেপথ্যে অরণ্য নির্বাসনে ।
মাটির বুক চিরে সাগরমুখী দীর্ঘ নদী
সবুজ বনাঞ্চল, ঊর্ধ্বে ছেড়া মেঘ সুনীল আকাশ
আলপনা এঁকে শুধুই প্রতীক্ষা চিরকাল
বিচ্ছিন্ন সময়ের শৃঙ্খল নিঃশব্দে বয়ে যায় ।
*************
বসন্ত পলাশ
ব্যাস , এই একটি কথাই বড় হল ?
কি একটা বলেছি সাধারণ , এতকিছু না ভেবে
তাতেই চোখ হল ছলছল , বললে,
“ এমন পারলে বলতে তুমি ?
কারণ তুমি একবিন্দু ভাবো না আমার কথা
এতটুকু ভালবাসা নেই মনে আমার জন্য - - । ”
কি কাণ্ড ! লেঃ বাবা ! এতদূর গড়ালো জল ?
আর এই যে বারবার করি ফোন বাইরে থেকে
লাগাই হাত তোমার কাজে থাকলে বাড়িতে
আনি রজনীগন্ধা ফিরলে রাত করে
কবিতার বই করেছি উৎসর্গ তোমাকে
সব ভুলে গেলে ? কত সহজে চলে গেলে অভিমানে
শুধুই দুলাইন চিঠি লিখে রেখে ।
নীলা, তুমিই আমার বাসবদত্তা
তুমিই আমার ঋষি কন্যা শকুন্তলা
আমার যত কল্পনা , গেরুয়া বসন্তের
সমস্ত ভালবাসা । এই তুমিহীন বাড়িতে
কি করে আমি থাকব বলত একা ?
দরজায় বেল শুনে খুলে অবাক্ তাকাই আমি
দাঁড়িয়ে তুমি ! বিনিদ্র দুচোখে কান্নার ছায়া
বললে, “ জানতাম নেবে না খোঁজ, আসবে না
আমাকে আনতে ফিরিয়ে। আমিই বোকা
পারি না থাকতে দূরে তোমাকে ছেড়ে। জানি তো
একফোঁটা ভালবাসো না আমাকে । ”
একরাশ পলাশ এখন মেতেছে উৎসবে ।

0 মন্তব্যসমূহ