পোস্ট বার দেখা হয়েছে
বাংলার কিছু বেটে -মোটা -কালো গ্রাম ধরে -
পরিচ্ছন্ন ধরে রাখা জলোচ্ছ্বাসের মতো মন ,
আঁচড় কাটে সাদা কালো পেটে -
খিদের মতোই ভেসে চলে খড়কুটো।
পালতোলা গাছে শ্যামল পাতা -
বিচ্ছেদ করে জীবন - নদী নালায় পাতে সংসার,
আবছা আতঙ্ক ডুবে যাওয়া শোক -
কতো ঝড় আরও সমুদ্র উগ্রে দেবে -
পৃথিবী এবার একটু ক্লান্ত হোক।
ভূমিহীন বৃষ্টি আঁকাবাঁকা পথে -
ভিজিয়ে দিয়েছে শতাব্দীর মে'মাস ,
আনকোরা ঘর ছাড়া বুকে -
কতোবার আরও সাহস করতে হবে চাষ?
বন্ধ হয়না কেনো -
কতো প্রাণ কোলে শ্মশান সুজলা হয়,
শূন্য আকাশের নীলে কবে?
মেঘেরা শান্ত হবে!
##
প্রণালী
ছুঁয়ে থাকা খুব কাছাকাছি নির্বিকার,
চলে যাওয়া জানে সম্পর্কের অধিকার।
শীতল শরীরে পারদের ওঠানামা -
উষ্ণতার হিসেব নিকেশ নেই, নেই দাঁড়ি কমা।
প্রকৃতির আঘাত যতোবার তীক্ষ্ণ হয়েছে আছড়ে পড়েছে বুকে ,
ঝড় জানে অজানা সব আবেগ, কতোবার গিয়েছে ডেকে ।
তবুও স্বপ্ন দেখি - তবু আশা জাগিয়ে যায় -
সব ফলাফলে একটা জীবন যথেষ্ট নয়।
ভালোবাসা মেঘের কাছে - চমকে ওঠে রাতের আকাশ যেমন,
ভুলে যাওয়ারাই ভালো থাকে রোজ নিজের মতো'ন।
##
ভালোবাসা আর সময়
তুমি চিটফান্ডের নেশার মতো আমায় জড়িয়ে ধরো,
বেগতিক ঘুষের রঙের আঁচলে বেঁধে ,
ভবিষ্যতের ডানা - ছাল ছাড়ানো মুরগীর মতো মন -
হালকা আদরে সকাল হলে হোক -
তুমি রংচটা সমাজের গণতন্ত্র হয়ে এসো।
আমি হত্যা হতে প্রস্তুত -
গোটা সাইকো সিরিজ লিখবো -
ইতিহাস হয়ে জন্মাবে রক্তাক্ত সুখ -
ভাইরাস ঠোঁটে ঠোঁটের কাছাকাছি -
ভ্যাকসিনের ভালোবাসা দিয়ে লিখবো -
তোমার আমার সুস্থতার কথা।
গভীর চাদরে ঢেকে যাবে সময় -
স্যানিটাইজারের গন্ধে সাজাবো খাট,
ছড়িয়ে থাকবে উলঙ্গ মাস্ক চারদিকে,
তারপর সভ্যতা হবো -
ভবিষ্যত হয়ে পোড়াবো আমাদের শহর -
অগোছালো বিনিদ্র রাজনৈতিক পথেই।
##
চোর
ঝড়ের বিজ্ঞাপন হয়ে বেঁচে থাকা সভ্যতা,
সব ধুলো - অজস্র আক্রমণে ,
শেষ দ্যাখা বিপ্লবে মিথ্যার সমাবেশে মিশে ,
জীবনের গল্প বলা বিকেল , তারপর উদ্ধার।
ঠকিয়ে নিয়েছে পোষাক -
রাজনীতি সময় ঠকায়,
কতোদূর মানুষের জন্য ভাবে মন -
কি আসে যায়।
এভাবে মৃত্যু সেজে ধ্বংসপ্রবণতা আর আশ্রয়,
আমরাও বেঁচে থাকি রোজ -
খিদেরাও আপন নয়।
ছিনিয়ে নিয়েছে ক্ষোভ রাতের আকাশ ঠিক ধরবে কলার, গলা,
হিসেব চাইবে ইতিহাস ঠিক -
আর কতোদিন লোক ঠকানোর খেলা?
##
কৌতূহলের পর
এই অবসাদে বেঁচে থাকা প্রশ্ন করে কাছে এসে,
কতোটা শোকের অতলে, প্রতিজ্ঞারা রয়েছে ভেসে ।
কতো শীতল ছায়া জরাজীর্ণ কৌতূহলী রাতের মতো ,
স্বপ্ন জাগিয়ে রাখে ঠিক - গভীরতা পুষে শতশত।
এরপরে ভুল হলে অযাচিত নিষ্ক্রিয় প্রতিফলনে ,
আস্ফালন যথেষ্ট নয় - এখনও বন্দি ঘরের কোণে।
বুঝতে বুঝতে কতো কথা হারিয়ে যায় সভ্যতা জানে,
কতোটা ভালোবাসা কমে, হিসেব হয়না আর, রোজের অভিমানে।

0 মন্তব্যসমূহ