দর্পণ || কবিতা গুচ্ছ || কৌশিক গাঙ্গুলি




পোস্ট বার দেখা হয়েছে

গল্প নয়


ছেলে ভোলানো ছড়া বা 

মেয়ে ভোলানো গল্প নয় 

লিখতে হবে দেশের কথা 

তা সেটা অল্প নয় - 

মন্দা সেতো মন্দা নয় 

নতুন কোন ধান্দা নয় 

নিত্যনতুন আদেশজারি 

আইন কানুন ভিষন ভারি 

মানুষ  লাফায় চিন্তাতে 

টিঁকতে হবে এই দেশেতে 

কত ঝন্ঝা ,কত রক্ত আর 

আগুন জ্বলে চীৎকারে 

মরণ এতো মরণ নয় 

খুন হতে হয় ধিক্কারে 

ভালবাসা হারিয়ে গেছে 

হারিয়ে গেছে মানবতা 

তবু লিখি দেশের কথা 

পরিচিতির অন্ধকারে হারিয়ে 

পায়ের তলার মাটি 

একথাটাই অতীব খাঁটি 

ছেলে ভোলানো ছড়া বা 

মেয়ে ভোলানো গল্প নয়


" কথাপার্বণ "


আমি যুদ্ধ করতে গেলে 

হয়ে যায় নাটক ... 

আমি কিছু বলতে গেলে 

কান্না এসে ভিড় করে , 

আমি প্রেমে পড়তে গেলে 

খোঁজ পাই না তেপান্তরের ,

আমি কিছু করতে গেলে 

হারতে হারতে হাঁপিয়ে উঠি ।

আমি অনেক পেতে গেলে 

ছেঁড়া কাঁথায় নক্সা বুনি ,

আমি কবিতা লিখতে গেলে 

আবোল তাবোল বর্ণলিপি । 


 "দুঃস্বপ্ন "   


বেঁচে থাকার মহড়া দিতে দিতে একদিন আমরা শ্রেষ্ঠ কাপুরুষ যোদ্ধা হয়ে উঠবো , যতরকম ধান্দাবাজি বুঝে স্বার্থপরতার মেডেল বুকের মাঝে আটকে যৌনতার জয়ধ্বনি দিতে দিতে একশো আটটা নিমপাতা দান করবো সততাকে ।   একদিন সব প্রকার ধূর্তরা খাবি খেতে খেতে এমন ঢেকুর তুলবে যে নারদও লজ্জা পাবে ..,    একদিন সমস্ত দুনম্বরীরা একসাথে পাপ নদীতে চান করতে করতে আহ্বলাদে হুটোপুটি ও কামড়াকামড়ি এবং কিছুটা চাটাচাটি সমেত খুঁজে পেয়েছিল অরাজকতা । তারপর একদিন আমরা বোকার মতন সব মুখগুলোর মুখোশ ও আচরণের ভড়ং সমেত হারিয়ে গেলাম এ গলি থেকে অন্য চোরাগলিতে , এদিকে ধীরে ধীরে কুয়াশা ,কালো ধোঁয়ারা অন্ধকার করে দখল নিচ্ছে মানুষের বিবেক আর বোধ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ