পোস্ট বার দেখা হয়েছে
কৃষ্ণা সিং বেরা
বিসর্জন
একবুক আকাশ আজ বসন্ত শূন্য
বিষাদের সুর বাজে ছিন্ন বীণায়
দেবীর বিদায়বেলার তিথি আগমিত
বিসর্জন হবে তার মৌন ব্যথায়।
চর্তুদিকে ছড়িয়ে সপ্তকের সাত সুর
রেশ তার সম্মোহিত মায়াবী টানে
একটা তিথি যেন আঁধারে ঘনিভূত
চোখের পলক ভেজে বিষাদের গানে।
শুকনো ফুল যতো এলোমেলো পথে
মন্ত্রের উচ্চারণ গায় বিদায়ের সুর
যুগের অবসানে এক স্তব্ধতা নামে
দেবী চলেছে ভেসে কোন সে সুদূর।
শূন্য ঘরে পোড়ে প্রদীপের শিখা
নামটি অমর হবে চিরন্তনী গানে
তারাদের মাঝে বুঝি প্রজ্বলিত আলো
বসন্ত ভিজলো আজ বাদলধারার মনে।
প্রশান্ত মুখার্জ্জী
সরস্বতী এক নদীর নাম
মৃত্যু ঘটেছে...? সে তো রক্ত মাংসের দেহে,
তবুও তুমি আছো সুরের ধারায় বিলীন হয়ে..!
তুমি সুর সম্রাজ্ঞী, তুমি সরস্বতী...
সে তো এক নদীর নাম; তোমায় চিনি নদীর নামে,
চিরকাল তুমি বয়েই চলো এ ধরাধামে...!!
ওগো নদী, তোমার অথৈ জলে প্লাবিত আজ বিশ্ব,
সব থেকেও যেন, সুর হারিয়ে এ ধরণী হলো নিঃস্ব..!
তুমি সুর সম্রাজ্ঞী, তুমি সরস্বতী...
সে তো এক নদীর নাম; তোমায় চিনি নদীর নামে,
চিরকাল তুমি বয়েই চলো এ ধরাধামে...!!
তুমি পঞ্চম সুরে বেঁধেছো যে সুরের ঝংঙ্কার,
সে সুরময় কণ্ঠ বিশ্ববাসীর কাছে চির অলংকার..।
তুমি সুর সম্রাজ্ঞী, তুমি সরস্বতী...
সে তো এক নদীর নাম; তোমায় চিনি নদীর নামে,
হে নদী, চিরকাল তুমি বয়েই চলো এ ধরাধামে...!!
যে সুরের মূর্ছনায় মূর্ছিত আজ আট থেকে আশি,
সেই সুরের বাঁধনেই চিরদিন বাঁধা রবে বিশ্ববাসী..।
তুমি সুর সম্রাজ্ঞী, তুমি সরস্বতী...
সে তো এক নদীর নাম; তোমায় চিনি নদীর নামে,
চিরকাল তুমি বয়েই চলো এ ধরাধামে...!!
আজ মৃত্যু ঘটেছে যে দেহের, সে দেহ নশ্বর,
সুর তাল ছন্দে তুমিই শ্রেষ্ঠ, তুমিই ঈশ্বর..।
তুমি সুর সম্রাজ্ঞী, তুমি সরস্বতী...
তুমি যে এক নদীর নাম; তোমায় চিনি নদীর নামে,
হে নদী, চিরকাল যেন বইতে থেকো এ ধরাধামে...!!
সুজিত চক্রবর্তী
একবার বিদায় দে মা
সুরের জাদুতে ভুলিয়ে দিয়েছ ব্যথা
মায়ার বাঁধনে বেঁধেছ লক্ষ প্রাণ !
মূর্চ্ছনা ছিল কত শ্রদ্ধায় মিলেমিশে
বিদ্যুৎ লতা শিহরণ যেন শব্দের শেষে
চমকে উঠেছে শুনে অকারণে এই মন
অনুভূতি ভেজা রোমাঞ্চে গেছে ভেসে !
গায়ে কাঁটা দেওয়া স্মৃতি সব অমলিন
ঐকতানের আবহ করেছে পুরো স্বাধীন ।
সুরের দেবী কি ভাসানের দিনে তবে
তোমাকেও আজ নিয়ে যাবে তার সাথে !
স্বর্গলোকের জলসায় বুঝি শ্রোতা নেই !
প্রয়োজন তাই , এই মর্ত্যের বুলবুলি ?
জাতি ধর্মের বালাই ভুলেছে লোকে ।
দলাদলি ভুলে , মাথা নত করে শোকে
অশ্রুসজল প্রার্থনা তার শুনেছে ভারতবাসী :
" একবার বিদায় দে মা ঘুরে আসি!"
0 মন্তব্যসমূহ