দর্পণ || ভূতচতুর্দশী || অদ-ভুত ~পায়েল খাঁড়া




পোস্ট বার দেখা হয়েছে

।।অদ-ভুত।।
পায়েল খাঁড়া 

মামদো ভূতের হুমদো ছানা গান গায় গলা ছেড়ে
তাই না শুনে দাঁত খিঁচিয়ে পেত্নী এল তেড়ে।
বলল, "ওরে মামদোর পো থাম রে এবার থাম,
তোর গানের চোটে সব তেনাদের ছুটছে গলদ ঘাম।
রাত বিরেতে করিস নে আর অমন লম্ফ ঝম্ফ
ঝাঁঝরা হওয়া পাঁজরা গুলোয় উঠছে যে হৃদকম্প।
একবার মরে পেত্নী হলুম, মারতে কি চাস ফের
গলা তো নয় , গোলার ঘায়ে করছে যেন ঢের।
বংশ দোষে মেছো ভূতটার প্রেসার সদাই চড়া
এবার দেখছি বাড়িয়ে দিবি রক্তেরও শর্করা।
শাকচুন্নিটা ভোজনরসিক, বৈ নেই কো বালাই
তার মুখেতেও ঘুচল রুচি, করছে পালাই পালাই।
স্কন্ধকাটার বাতের ব্যামো, ফি বছরই ভোগে
ব্রম্হদত‍্যি নিত্য কাহিল পেটের গোলযোগে।
গান শুনে তোর দুই জনার ই চমকে গেছে পিলে
রাম নামটাই মুখে নিতে বাকি ,ঢোক গিলে।
তাই বলছি, এই বেলাতেই ভালোয় ভালোয় শোন
কান ফাটিয়ে জ্বালাস নে কো পটল তোলা জীবন
ভুত কেত্তন ছেড়ে বাপু কর গে কাজের কাজ
টুঁটি টিপে দেবই আর বেরুলে গলার আওয়াজ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ