দর্পণ || বর্ষা সংখ্যা ২০২১ || অণুগল্প - নির্মম বৃষ্টিতে ~জয়দেব মাইতি




পোস্ট বার দেখা হয়েছে

অণুগল্প - নির্মম বৃষ্টিতে 

জয়দেব মাইতি 


সন্ধ্যের পর থেকেই প্রকৃতি রুদ্রমূর্তি ধারণ করেছে,ঝোড়ো বাতাসকে সঙ্গী করে দমকা বৃষ্টির সাথে বাজ ও বিদ্যুতের চমকে ভয়াবহ পরিণতি, গৃহবন্দী অবস্থায় ভীষণ অসহায় মনে হচ্ছে শান্তনুর।  

ডাক্তার জবাব দিয়েছে , তাই আজ দুপুরে সরমাকে বাধ্য হয়েই বাড়ি নিয়ে এসেছে, ভীষন অসহায় লাগছে নিজেকে। ক্রমশঃ তাপ বাড়ছে সরমার শরীরের, কোনভাবে যদি একটিবার হাসপাতালে নিয়ে যাওয়া যেত অন্ততঃ শেষের বেলায় আরো একটু চিকিৎসা পেতো। 

সরমা শান্তনুর অস্থিরতার কারন ও মনের অবস্থা বুঝতে পেরে ক্ষীণস্বরে কাছে ডাকে। শান্তনু কাছে গিয়ে বিছানায় বসলে সরমা হাত ধরে বলে - "তুমি তো আমার জন্য অনেক করে প্রায় নিঃস্ব হয়েছো, আমার একটা শেষ কথা রাখবে"!  

এই কথাগুলো অনেক কষ্টে বলে হাঁপাতে থাকে।  

শান্তনু  বললো - "কি করতে হবে বলো"! 

"শুধু আজকের রাতটুকু তোমাকে ছুঁয়ে থাকতে দেবে গো"? - সরমা একথা বলতেই শান্তনু তাকে বুকে জড়িয়ে কাঁদতে শুরু করে।


অভিশপ্ত বর্ষণ মুখর রাতটুকু সরমা ঘুমিয়ে ছিল জড়িয়ে ধ'রে। শান্তনু উষ্ণতা অনুভব করেছিল প্রতিক্ষণে,নিষ্পলক হয়ে তাকিয়ে থেকেছিল মুখের দিকে। অনেক চুমু এঁকেছিল কপালে, এঁকেছিলো গালে - চোখের পাতায়। 

শেষবার চোখের পাতা দুটো একটু খোলার চেষ্টা করে মুচকি হেসেছিল সরমা। 

ভোররাতের দিকে প্রকৃতি শান্ত হলো, সারা শরীর শীতল হয়ে চিরতরে শান্ত হলো সরমা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ