দর্পণ || বর্ষা সংখ্যা ২০২১ || যেতে যেতে একলা পথে ~সায়ন্তিকা




পোস্ট বার দেখা হয়েছে

যেতে যেতে একলা পথে 

সায়ন্তিকা 


কোলকাতা থেকে লকডাউন তুলে নিলো সরকার ! সবাই যে যার কাজে ফিরলো , তবুও মনে হয় রাস্তাগুলো কেন এতো শুনশান ! রোদ্দুর প্রেমে পড়লো মেঘের ! বর্ষা এলো কোলকাতায় !

ব্যারাকপুর থেকে সোজা যাদবপুর , সেখান থেকে সোনারপুরের রেললাইন ! তার পাশে আনাজ বিক্রি করছে কয়েকজন !

সকাল এখন পাড়ার চায়ের দোকানে রাজনীতি নিয়ে তর্ক করে , বেসিনের এঁটো বাসনগুলো ভীষণ শব্দ করে ! দুপুর ভাতঘুম দিচ্ছে ! সন্ধ্যে  মসজিদে আজান দিচ্ছে !


শুনশান রাস্তা ! কাদাজল মাখা গাড়ির চাকা থেকে ছলকে উঠছে জীবন , পেটের ভেতরে গর্ত খুঁড়ছে জীবন !

দুটো টোটোর  রেষারেষিতে কারখানার শ্রমিক আন্দোলনেও ধাক্কা খায় !

হেঁটে চলে যায় শহর ! কারখানার কাঁটাতার পেরিয়ে ডিটেনশন ক্যাম্প , সেখান থেকে সিমেন্টের দেয়াল !

প্যালেস্টাইনে বোমা বৃষ্টি করে ইসরাইল ! হামাস  আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার লক্ষ্যে রাষ্ট্রপুঞ্জে যায় !


বি টি রোডে বৃষ্টি হয় ! একদিন টালা ব্রিজে উঠবে সূর্য ۔۔সেখানে গাছ লাগানোর উৎসব হবে ۔۔۔এটা আমার বিশ্বাস !


এখন টালা ব্রিজে একলা আমি ! বড়োলোক উবের আর ওলার মাঝের পার্থক্য নিয়ে চিন্তা করে , মধ্যবিত্তের হাতের ছাপ লেগে থাকা রামের বোতল গড়াগড়ি খায় রাস্তায় , খেটে খাওয়া মানুষের কুঁড়ে ঘর ভেঙে তৈরী হয় দেশ !


বৃষ্টি হলে ইচ্ছে হয় বড়লোক মানুষগুলোর মতন কবিতা লিখতে ! স্যার নিউটনের সূত্র ধরে আমি এগিয়ে চলি , তবুও মানুষ তৃতীয় নম্বর সূত্রটা আজও মেনে নিতে পারেনি !

সেই জন্যই হয়তো প্রতি বছর বর্ষায় কে সি পাল বিক্রি হয় ফুটপাথে !


জলে ভেজা বর্ষাতি , পানকৌড়ি , স্কুলে রেনি ডে, কাক , স্যাঁতস্যাঁতে ঘর , পুকুরের জলে বৃষ্টির ফোঁটা ۔۔۔ এ সির হাওয়া , গাড়ির জানালার কাচ , তারপর সিঁড়ি ভেঙে ওপরে ওঠা !

বড্ড ভালো লাগে বৃষ্টির দিনে নেশা করতে ۔۔ নিষিদ্ধ নেশা !যে নেশায় চোখ লাল হয়ে যায় , যে নেশায় ঘরে ফিরতে ইচ্ছে হয়না ! আমি আকাশ দেখতে পারিনা ! আজকাল স্কাইলাইন ছোঁয় আকাশটাকে ۔۔এই আকাশে মানুষ নিজের ঘর তৈরী করতে পারে না !

সাত তলা বাড়ির ছাদে ওঠে মানুষ ,

সে আরও বেশি লম্বা হয়ে ওঠে ۔۔۔


অথচ ,

বৃষ্টি হয় ঘরে ,

বাসন মাজে মালতির মা ,

সুর করে হাঁক দেয় পেয়ারাওয়ালা !

সকাল দশটার লোকাল ট্রেনে ভিড় ঠেলাঠেলি ,

ঘামের গন্ধ ভেসে আসে নাকে !

ধুলো উড়িয়ে রোদ্দুর এসে পড়ে আমার জানালায় ,

দলে দলে কাকগুলো ঘর ফেরে ,


আমি তখন তিন তলার সিঁড়ি দিয়ে নেমে আসি ,

রাস্তায় তখন কেউ নেই !


আমি কেবল একলা দাঁড়িয়ে আছি আমার ব্যালকনিতে ۔۔۔۔


লকডাউন উঠে গেছে ! বিধিনিষেধগুলো ভুলে গেছে মানুষ ! এখন একটুতেই ক্লান্ত হয়ে পড়ি আমি !

আপ বনগাঁ লোকাল আসছে ! চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছে আমার প্রিয় শিক্ষক ও তার ছাত্রী !আচ্ছা দুজনে কি নিউটনের সূত্র নিয়ে  আলোচনা করছে ? মাস্টারমশাইয়ের চোখে মুখে এমন একটা ভাব যেন , তার কোনো ছাত্র তাকে আগের রাতেই বলে গেছে ۔۔۔"মাস্টারমশাই আপনি কিন্তু কিছুই দেখেননি !"

 রেল লাইনের দু পাশে বসেছে মাছের বাজার ! আমি নাকে রুমাল চাপা দিই ! পাড়ার বকাটে ছেলেগুলো প্ল্যাটফর্মের বেঞ্চিতে বসে গাঁজা টানছে ! তাদের চোখগুলো সব টকটকে লাল !

আমি ভয় পাই !

ট্রেনটা একটু থামলো ۔۔আমি দেখতে পেলাম একজন প্রেমিক তার প্রেমিকাকে বিদায় জানাচ্ছে হাত নাড়িয়ে ۔۔যেন সে বলতে চাইছে ۔۔۔۔এবারে যেতে হবে ! যেতে দাও আমাকেও ! ফিরতে হবে ঘরে !


আসলে যা কিছু খারাপ , সেগুলো আজকাল আর দেখতে পাইনা !আমার মনে হয় পৃথিবীর সব দুঃখ শুধু আমার !


একটার পর একটা ট্রেন চলে যায় !

আমি শুনতে পাই পাঁচ নম্বর প্ল্যাটফর্মে একজন অন্ধ ভিখিরি গাইছে ۔۔۔"যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি , ঝড় এসেছে , ওরে ওরে ঝড় এসেছে ,ওরে এবার ঝড় কে পেলেম সাথী ۔۔۔۔۔۔۔۔۔۔۔"


আমি উঠলাম নৈহাটী লোকালে ,

আমাকে নামতে হবে শেষ স্টেশনে !


তখন বৃষ্টি ছুঁয়ে যাবে আমার ঠোঁট !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ