পোস্ট বার দেখা হয়েছে
হারিয়ে যেওনা
সঞ্জয় মুখোপাধ্যায়
হারিয়ে যেওনা,
আজ বৃষ্টি হবে।
সোঁদামাটির নরম গন্ধতোমায় ডাকবে
রাতজাগা কোকিলের মতো ।
মেঘের ঘোলাটে দৃষ্টি
তোমার বুঁজে থাকা চোখ দুটোয়
অযত্নে জড়িয়ে আছে,
বিষণ্ণতা মেখে আছে আমাদের দিন।
আবছা আলোয় ঢাকা হাসপাতালের বিবর্ণদিনগুলো, এইবার শেষ হবে।
চাতকের ঠোঁটে ঝরে পড়বে জল।
কতদিন পর গাছগুলো স্নান সেরে নতুন হবে!
স্নানের পরে প্রতিদিন তুমিও যেমন।
ভেন্টিলিটার, আইসিইউ জীবনের ধূলো,
ক্লেদ সব মুছে যাবে।
তারপর ডেলিরিয়াম পেরিয়ে আরামের ঘুম।
এখন চলে যেওনা,
এখনই গর্ভবতী মেঘ যন্ত্রণায় কাতর হবে
তোমার চুল ভিজে উঠবে
মুখ ভিজে উঠবে
শরীর বেয়ে নেমে যাবে জল
তোমায় জাগাবে নতুন ভোরে,
মেঘের গর্জনে আজ প্রথম বর্ষাতে।

0 মন্তব্যসমূহ