পোস্ট বার দেখা হয়েছে
দে দোল, দোল,,,
অপালা
চারিদিকে ঝড়ের উপপাদ্য ছড়িয়ে
অবাধ্য ছেলেটি কিছুতেই শোনেনা,
হাত ছেড়ে সে আমবনে গ্যাছে ছুটে-
বৃষ্টির ছাট তার উসকোখুসকো চুলের আগায়;
দুহাতে কুশি আম, আঙুলে কালো কষময়
আজ তার মা কিছুতেই স্কুলে পাঠাতে পারবেনা -
তার বাড়ি প্রত্যন্ত গ্রামের কিনারে
পাশ দিয়ে সরু খাড়ি,মেছুয়ার পাতা জাল
এখানে কাগজ ওয়ালা আসেনা ।
কেবলের তার বাড়ির সামনে ঝোলে না
ফোনের টিং টিং মেসেজ তার বড়ো অচেনা'ই
ইটের মতো আকৃতির সে কোন বস্তু !
মামার ছেলে তিতাই-এর হাতে দেখেছিলো
চকচকে চোখে চেয়েছিলো একবার ছুঁতে -
এরচেয়ে ভালো বৃষ্টির দিকে চেয়ে থাকা
ঐ আকাশে বিদ্যুৎ চমকালে মাকে জড়িয়ে থাকা-
বুকের ধুকপুকুনি, মায়ের মিষ্টি গন্ধ মাটির সোঁদা লাগে
ওড়া পাতায় ছুটতে থাকা খোকনকে মা বকে
আজ ছুটি, স্কুলের ছাদে জল পড়ে -পাতা ওড়ে,
দে দোল দোল---

0 মন্তব্যসমূহ