পোস্ট বার দেখা হয়েছে কলমে তপনকান্তি মুখার্জি
প্রিয় দর্পণ ,
মনে একটা খটকা লেগেছে সেই কবে থেকে । সেই থেকে মন ঠিক নেই । কাউকে জানাইনি কথাটা , কিন্তু তোমাকে জানাতেই হচ্ছে। মনের সব কথা তোমাকে না জানিয়ে আর কাকে জানাব বলো ।
সেদিন একটা গান শুনলুম - ' প্রেম একবারই এসেছিল নীরবে । ' শুনে মনে হয়েছে , আহা , গানের কী ছিরি ! নীরবে যদি আসে তবে বুঝব কী করে ? প্রেম আসবে সরবে , রাজকীয়ভাবে যাতে আশেপাশের সবাই জানতে পারে । প্রেম কি ভিখারি নাকি? প্রেম অনেককে ভিখারি করে বরং । প্রেম কি হেলাফেলার বিষয় ? প্রেম একবার এলে ভালো লাগে না মন ভরে ? একবার এলো আর ফুরুত করে চলে গেল , সে আবার কী ? কেউ তাকে মনে রাখবে ? Out of sight out of mind হয়ে যাবে না ? দুর্গা মা যদি একবার মুখ দেখিয়ে চলে যেতেন মাহিশূরের রাজবাগানে পঞ্চাশ বছর অন্তর ফোটা শঙ্খপুষ্পের মতো , তাহলে কি এতো জাঁকজমক হতো ফি - বছর ? প্রেমকে তেমন ঘনঘন আসতে হবে , তবেই তো মানুষ bone to bone মনে রাখবে । প্রয়োজনমতো মানকুন্ডু বা রাঁচি ঘুরে আসবে বা সেল্ফ কোয়ারান্টাইনে থাকবে বা সহ্য না হলে আত্মহত্যা করবে। সুতরাং আমার মতে , প্রেমের আসা উচিত সশব্দে এবং বারবার যাতে পাড়া - প্রতিবেশী এবং শত্রুদের মুখে ছাই দিয়ে বলা যায় ' প্রেম করেছি বেশ করেছি , করবই তো । ' তোমার কী মনে হয় ?
দর্পণ , তুমি পত্রপাঠ মাত্র জানাও আমি ঠিক না বেঠিক । খুব মানসিক অশান্তিতে আছি । করোনা সামলে ভালো থেকো । ভালোবাসা নিও । সত্বর উত্তর দিও ।
ইতি
তোমার একান্ত সুহৃদ
তপনকান্তি মুখার্জি

0 মন্তব্যসমূহ