পোস্ট বার দেখা হয়েছে কলমে ব্রততী পরামানিক
প্রিয় দর্পণ,
আজ আমি তোমাকে চিঠি লিখছি আমাকে উজাড় করে। কালের পরিস্থিতিতে তুমি কিছুটা বিমর্ষ হলেও স্বমহিমায় নিজেকে বাঁচিয়ে রেখেছো। আর তাই তো তোমার সঙ্গে দুটো মনের কথা বলার জন্যই এ চিঠি লিখছি।
বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। আমরা কত প্রিয়জনকে হারালাম। টুপটুপ করে ঝরে গেল কত প্রাণ। শোক-বিচ্ছেদ কাতরতায় আমরা কেউই এখন ভালো নেই।
মানুষ খুব অসহায় প্রকৃতির কাছে। প্রকৃতির রুদ্র-করাল সর্বগ্রাসী রূপ সমাজ,সভ্যতা,দেশ এবং জাতিকে একেবারে ধ্বংস করে দেয়। সৃস্টি রহস্য আমাদের কাছে খুবই আশ্চর্যজনক। তবু বলবো প্রকৃতি দিয়েছে অনেক। আমরাই অহঙ্কারে মত্ত হয়ে সর্বেসর্বা ভেবে প্রকৃতি সৃষ্ট অকৃত্রিম বস্তু নষ্ট করে অকৃত্রিমতায় ডুবে থাকতে পছন্দ করি। কিন্তু এসব অনাচার,অনিয়ম মানবে কেন সে। তাই হয়তো মানুষকে শাস্তি দিতেই স্বয়ং এসে হাজির হয়ে তার বিরাট ক্ষমতার প্রমাণ দিচ্ছে।
প্রযুক্তি বিজ্ঞান যতই উন্নতি হোক এবং নিজেকে সবজান্তা ভাবলেও আসলে এখনো কিছুই জানা নেই, সৃস্টি জগতের ভেতরে কী আছে। তার তল পাওয়া অত সোজা নয়।
তাই দুহাজার কুড়ি ও একুশ সালে আধুনিকতম যুগেও মানুষের ক্ষমতা যে কিছুই নেই তা তো আমরা মহামারীর কবলে আক্রান্ত হয়ে গোটা বিশ্ব শিক্ষা পেয়েছি।
মানুষ এত ব্যস্ত যে দুদন্ড কারো সঙ্গে কথা বলারও সময় নেই। শুধু ছুটছে,ছুটছে-আত্মীয়-পরিজন,কাছের মানুষ,পাড়া প্রতিবেশী,বন্ধু-বান্ধবকে 'আমার সময় নেই' বলে দ্রুতগতিতে ছুটছিল। সবাইকে আজ এক নিমেষে থামিয়ে দিল অতর্কিতে এক অজানা মহামারী এসে। নে কত সময় নিবি নে।
'বন্দী দশায় কাটুক জীবন'-কাজই সব নয়,স্বার্থপরতায় কিছুই হয় না। প্রেম-ভালোবাসা ছাড়া পৃথিবী অচল। সব তুচ্ছ ও ক্ষুদ্র। সবাইকে ঠান্ডা করে দিয়ে সব কাজ বন্ধ করে আড়ালে সৃস্টিকর্তা বিদ্রুপ ও জয়ের হাসি হাসছেন। ব্রহ্মান্ডজগত কারো দ্বারা পরিচালিত একথা মানতেই হবে।
বিষাক্ত দূষিত করেছি পরিবেশকে আমরা নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্য উপভোগ করার জন্য। কিন্তু মনমর্জিতে কোনো কাজ চলে না। অতিরিক্ত গাছ কাটাও আমাদের বিরাট অপরাধ। অক্সিজেন কমে কার্বনডাইঅক্সইড জমা হচ্ছে।
প্রকৃতি তার রূপ বদলাচ্ছিল। যাইহোক নানা কারণে আমরা নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি। এখন তার ফল ভোগ করছে গোটা বিশ্ব। জানিনা এ দুর্দিনের কবে শেষ হবে। একা একাগৃহবন্দি জীবন-যাপন আর কতদিন কাটাতে হবে।
তুমি তো সবই জানো। সব ঘটনারই সাক্ষী আছো তুমি। তবু আমি আর একবার সব তোমাকে বললাম। মন ভারাক্রান্ত কিছুটা হাল্কা হওয়ার জন্য। কী আর করবো প্রহর ও দিন গোনা ছাড়া। কেউ এখন ভালো নেই। এমনকি তুমিও
অনেক কথা তোমাকে বলে ফেললাম। তবু কথার কী আর শেষ আছে। আরো অনেক বাকি থেকে গেল। এই অবসর সময়ে তুমিই আমার আসল বন্ধু। কারণ এই লেখালেখি এটুকু নিয়েই তো বেঁচে আছি। সবসময় তুমি পাশে থেকো এই কামনা করি। অশান্ত সময়ে মনে একটু শান্তি পেতে তোমার সান্নিধ্যটুকুই চাই। জানি তুমি থাকবে এ বিশ্বাস ও ভরসাটুকু আছে। তুমি ও তোমার পরিবারের সঙ্গে যুক্ত সবাই যেন ভালো থাকে,সুস্থ থাকে এই প্রার্থনা করবো। আর সময়ের তালে তালে তুমি নিজেকে নতুনভাবে সাজিয়ে আমাদের অনেক নতুন নতুন উপহার দিও। আশা এবং অপেক্ষায় রইলাম। বেশ, আজকের মতো এখানেই ইতি টানছি।
ইতি
তোমার একান্ত
অনুরাগিনী
ব্রততী পরামানিক

0 মন্তব্যসমূহ