পোস্ট বার দেখা হয়েছে
বৃষ্টি তুমি, মিষ্টি তুমি
পরিতোষ জানা
জ্যৈষ্ঠে দহন, তপ্ত নিদাঘ, ফুরায় না তো ক্লান্ত দিন,
আষাঢ় এলেই বর্ষা এলে, তোমার কাছে অনেক ঋণ।
কবির কলম ঝরায় কালি,চাষী ধরে মাটির গান
শুকনো ডালে ফোটে ফুল,মরা নদী ডাকে বান।
বৃষ্টি তুমি, মিষ্টি তুমি,শীতল করো চাতক বুক,
ধরার বুকে আনো তুমি সৃজনশীলের সৃষ্টি সুখ।
প্রিয়ার মুখে উৎকণ্ঠা, বর্ষা মুখর এমন দিন,
ফিরলে প্রিয় বাজবে বুকে লুকিয়ে রাখা গোপন বীণ।
কর্ম শেষে ক্লান্ত প্রিয় মনে ঘরে ফেরার টান,
দেখবে কখন প্রিয়ার হাসি,যা বিধাতার শ্রেষ্ঠ দান।
সুখের নাগাল নয়তো সহজ একটু নাকাল হতেই হয়,
মনের জোরে তবু প্রিয় বৃষ্টি মাথায় পা বাড়ায়।
অবশেষে ফিরলো প্রিয় বৃষ্টি ভেজা ঝড়ো কাক,
"কই গো" বলে ডাকলো যখন, শুনলো প্রিয়া মধুর ডাক।
বদলে পোশাক চা পানে তে পেলো ঘরে ফেরার সুখ,
দেখলো আড়ে,পড়লো চোখে প্রিয়ার গোপন হাসি মুখ।

0 মন্তব্যসমূহ