দর্পণ || বর্ষা সংখ্যা ২০২১ || বর্ষার আবাহন ~পূরব ব্যানার্জী




পোস্ট বার দেখা হয়েছে

বর্ষার আবাহন 

পূরব ব্যানার্জী 


আকাশের বুকে ভেসে যায় কালো ঘন মেঘরাশি ,

ঘোর দিবালোকে লুকোচুরি খেলে,

যেন কোথা দিবাকর গেছে ছুপি !!

আঁধার নেমেছে সহসা চারিদিক জুড়ে ,

হটাৎই নিস্তব্ধ নিঝুম প্রকৃতি------------ 

আহাঃ এসেছে বরষা চপলা চঞ্চলা নবযৌবনা বেশে ।।


মাটি ভেজা এক সৌরভে হায় সুরভিত চারিপাশ ,

তৃষ্ণার্ত ধরণীর আমন্ত্রণে দিকে দিকে সবুজের উচ্ছ্বাস !

হাসি মুখে চাষি ব্যস্ত সমস্ত ,

করে জলরাশি মাপ ----------

রিনিঝিনি রিনিঝিনি নিক্কন সুরে ময়ূর ধরেছে নাচ ।।


বাতায়নে ওই বেদনা বিধুর থমথমে এলোকেশী, 

একমনে চেয়ে আকাশের পানে খোঁজে কোন পরদেশী !

কম্পিত ঠোঁট, নয়নে বাদল ,

প্রেমবহ্নির দহনে জ্বলিয়া হৃদয়--------- 

বিরহ ব্যথায় কাতর !!

মেঘে মেঘে গাঁথা মালা তার ,

গেছে নিয়ে ছিঁড়ে ,আহাঃ কোনো কালবৈশাখী ঝর ।।


জলে থৈ থৈ, জলে জলময় ,অবিরাম বারিধারা, 

বৃষ্টিস্নাত, বিহঙ্গ যত, অসহায় দিশেহারা !!

তবু দিকে দিকে জীবনের গান, 

প্রাণের হিল্লোল জাগে -----------

দাবদাহ শেষে, শীতল পরশে, 

চারিদিকে আগমনী সুর বর্ষারই অনুরাগে ।।

 

ঘন কালো মেঘ কেটে, মাঝে মাঝে সূর্যি মামার উঁকি ,

আলো আঁধারির খেলা খেলে দোঁহে, 

কে কারে দেয় যে ফাঁকি !

উথলিত নদী, কুলু কুলু ঢেউ , 

দুকুল ছাপিয়ে বান ----------

ডিঙি নিয়ে ভাসে ,প্রাণ খুলে হাসে,

মাঝি ভাই খুশি মনে গাহে ভাটিয়ালি গান ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ