পোস্ট বার দেখা হয়েছে
বৃষ্টি এলো আবার
অদিতি সেনগুপ্ত
মল্লিকা -- হঠাৎ আমাকে ফোন করলে যে! একযুগ বোধহয়,না তারও বেশি।
শৌনক -- হুমমম তা বটে! যুগ পেরিয়ে শুনলাম তোমার সেই কন্ঠস্বর মল্লিকা। কেমন আছো তুমি?
মল্লিকা -- ঠিক যেমনটা রেখে গিয়েছিলে তুমি শৌনক। তা এতো বছর পরে আমার কথা মনে পরলো যে বড়!
শৌনক -- ভুলিনি তো কখনও। শুধু একটা গোপন একটা দেরাজে তুলে রেখেছিলাম সযত্নে। আজ মরসুমের প্রথম বৃষ্টিতে আগলটা খুলে গেলো হঠাৎই।
মল্লিকা -- এতোগুলো বছর পরে এলো বুঝি বৃষ্টি তোমার আকাশে!
শৌনক -- না মল্লিকা বৃষ্টি তো ঝরেছে নিয়মে অনিয়মে বছর বছর, কিন্তু তা ভেজায়নি আমাকে। আসলে আরো আরো অর্থ, প্রতিপত্তি এসবের নেশা একটা অদৃশ্য রেনকোটের মতো ঢেকে রেখেছিল আমায়।
মল্লিকা -- সেই রেনকোটটা খুললে কেন শৌনক!অর্থ আর প্রতিপত্তি যদি বৃষ্টির জলে ধুয়ে যায়!!
শৌনক -- হুমমম! ঠিকই বলেছ মল্লিকা,বড্ড যান্ত্রিক হয়ে পরেছিলাম। এই গৃহবন্দী দশা না এলে বোধহয় এভাবেই কেটে যেত দিন। জীবানুর প্রভাবে অনুভব করলাম আজও জীবন আছে কিছু বাকি।
মল্লিকা -- হাসালে মশাই তুমি! মৃত্যু মিছিলে শেষে কিনা জীবন খুঁজে পেলে তুমি!!
শৌনক -- জানি বিষয়টা সত্যিই খুব হাস্যকর তোমার কাছে। কিন্তু বিশ্বাস করো আজ যখন ব্যালকনি থেকে দেখলাম সোশ্যাল ডিসটেন্সকে তোয়াক্কা না করে তুমুল বৃষ্টিতে পা ডুবিয়ে একই ছাতার তলায় নিবিড়ভাবে হেঁটে চলা ছেলে-মেয়ে দুটিকে কেমন যেন করে উঠলো ভিতরটা!অনুভব করলাম আমারও একটা মন আছে!
মল্লিকা -- যদি ফোন নাম্বারটা পাল্টে ফেলতাম!
শৌনক -- হ্যাঁ সে সম্ভাবনা তো ছিলই। কিন্তু পাল্টে ফ্যালোনি তো মল্লিকা। কোথাও একটু অপেক্ষা হয়তো ছিলোই তোমার!
মল্লিকা -- তুমি সেই সময়টাকে দেরাজে তুলে রেখেছিলে শৌনক আমি আজও ওই সময়েই বাঁচি!!
শৌনক -- চলোনা মল্লিকা সুস্থ পৃথিবীতে আবার আমরা বাঁচি নতুন করে এক ছাতার তলায়।
মল্লিকা -- "আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম..."-- মনে আছে এই গানটা কতবার গাইতে বলতে! সুরটাই হারিয়ে গিয়েছিল যেন জীবন থেকে।
শৌনক -- কিছুই হারায় না মল্লিকা। কবিগুরুর ভাষাতেই বলি, "রাতের সব তারারাই আছে দিনের আলোর গভীরে..." নিজের দোষে যা হারিয়েছিলাম একদিন, আজ আবার যখন ফিরে পেয়েছি তাকে আজীবন আগলে রাখবো আদরে সোহাগে কথা দিলাম।

0 মন্তব্যসমূহ