পোস্ট বার দেখা হয়েছে
উচ্চাকাঙ্ক্ষী মানুষের হাত
উচ্চাকাঙ্ক্ষী মানুষেরা কখনোই ধৈর্যবান নয়
উন্মত্ত দু’হাতে তারা নষ্ট করে
যা কিছু সুন্দর
যা কিছু উজ্জ্বল
নিষ্পাপ রঙিন যত অমলিন ছবি
তাদের তৃষ্ণার্ত হাত
ভাঙে জলাধার
ভেঙে দেয় জনপদ
শূন্যতার ছায়া মেখে ভেঙে দেয়
ছায়ার শূন্যতা
তাদের সজাগ চোখ
কেবলই রোদ্দুর চায়
আলো আরো আলো দিয়ে
সুরক্ষিত করে রাখে পথ
যেন কোন প্রতিযোগী
বিদ্রোহী মানুষ
হঠাৎ সামনে এসে
দাঁড়িয়ে না যায়
ছায়ার বিপক্ষে তারা
ক্রমাগত জঙ্গি হয়ে ওঠে
উচ্চাকাঙ্ক্ষী মানুষের হাত
প্রতিদিন দীর্ঘ হয়ে যায়
====
ছুঁতে চাই
বিমূর্ত আড়ালে আছি
তবু এক আগুনের লোভে
হাওয়ায় উড়িয়ে দিই স্বাধীনতা
নিষিদ্ধ অক্ষরমালা
ঋজু উচ্চারণ
খানাখন্দে ফুটে ওঠে ফুল
নির্জন পুকুরঘাটে খেলা করে চাঁদ
বিপন্ন বাস্তব নিয়ে
ভাঙা ছাদে বসে থাকে
নিঃস্ব মানুষেরা
মুক্তিকামী ঝড় নয়
সিঁড়ি বেয়ে উঠে আসে বিষধর সাপ
কৌণিক দূরত্ব থেকে উঁকি মারে
অসতর্ক পাপ
শূন্যতার সীমানা ছাড়িয়ে
যখন পৃথিবী ছোঁয় আকাশের ঠোঁট
বেজে ওঠে তোমার মাদল
নিঃশব্দ আড়াল ভেঙে
ছুঁতে চাই
স্বপ্নময় আগুনের
অন্তিম দহন
=====
ঘরের মধ্যে ঘর
ঘরের মধ্যে ঘর গড়েছি কিছু
ভয়ের মধ্যে লুকিয়ে রাখি ভয়
ছায়াযুদ্ধে অলীক নির্বাসনে
তথ্যবহুল দ্বিধা ও সংশয়
ঘরের মধ্যে আরও অনেক ঘর
মনের মধ্যে হাজার টুকরো মন
সূক্ষ্মতম সরলরেখায় একা
দাঁড়িয়ে থাকে সতর্ক যৌবন
রাস্তাগুলো ফিরছে এখন ঘরে
আসছে ফিরে মুগ্ধ আলোছায়া
সঙ্গলোভে দরজা থাকুক খোলা
ঘরেই আসুক ভুবনজোড়া মায়া
ঘরের আলো যায় না এখন পথে
একলা আছে দূরের খেয়াঘাট
জয়ের প্রশ্নে সন্দেহ নেই কোন
আসবে ফিরে সকল রাজ্যপাট

5 মন্তব্যসমূহ
অসামান্য প্রতিটি লেখা ... মুগ্ধতা 🙏❤️
উত্তরমুছুনঘরের মধ্যে ঘর কবিতাটি দারুন হয়েছে।
উত্তরমুছুনঅনবদ্য তিনটি কবিতা।
উত্তরমুছুনছুঁতে চাই কবিতাটা মন উস্কে দেওয়া আগুন।
অনবদ্য তিনটি কবিতা।
উত্তরমুছুনছুঁতে চাই কবিতাটা মন উস্কে দেওয়া আগুন।
অনবদ্য তিনটি কবিতা।
উত্তরমুছুনছুঁতে চাই কবিতাটা মন উস্কে দেওয়া আগুন।