পোস্ট বার দেখা হয়েছে
আজও বিবেকানন্দের প্রাসঙ্গিকতা
শংকর ব্রহ্ম
আজ এক দিকে বিজ্ঞান প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি, দর্শন মনন প্রজ্ঞার অপরিসীম বিস্তৃতি, সমাজ সভ্যতার দ্রুত সম্প্রসারণ, অন্য দিকে মানুষে মানুষে হিংসা, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, অভাবনীয় স্খলন পতন বিভেদ বিদ্বেষ বীভৎস কার্যকলাপে নৈতিক মূল্যবোধ ব্যাহত। মানুষ দিশেহারা। কেন এমন অবস্থা?
জন্মালেই আমরা সবাই মানুষ হয়ে উঠি না। মানুষ হয়ে উঠতে হয়। চৈতন্যের সম্প্রসারণে মানুষের পশুত্ব থেকে দেবত্বে উত্তরণ। কী ভাবে? মানুষ অন্যান্য পশুর মতোই। এই অ্যানিম্যালিটি থেকে তার উত্তরণ রেশানালিটিতে বুদ্ধি ও চিন্তার বিকাশে। যা অন্যান্য পশুর মধ্যে ঘটতে দেখা যায় না। পরবর্তী স্তর হল ইন্টেলেকচুয়ালিটি, অর্থাৎ মনন ও প্রজ্ঞায় উত্তরণ। তার পর নোবিলিটি এই আভিজাত্য ধনসম্পদের দিক থেকে নয়, ভাবনার সমৃদ্ধিতে, চিন্তার ঐশ্বর্যে, উদ্দীপনার কৌলীন্যে। পরের স্তর হিউম্যানিটি মানবতার আলোকিত ভুবন। জীবনে জীবন সংযুক্তির প্রত্যয়। সবশেষে ডিভিনিটি দেবত্বের উত্তুঙ্গে উত্তরণ। এই দেবতা হয়ে ওঠার অর্থ স্বামীজির কথায়, ‘মান’ আর ‘হুঁশ’ সংবলিত প্রকৃত মানুষ হয়ে ওঠা। মানুষ হয়ে সর্বার্থে পিছিয়ে পড়া অজ্ঞ, কাতর, শোষিত, বঞ্চিত, অত্যাচারিত মানুষজনের পাশে থেকে জীবনের মূল স্রোতে শামিল করার বিষয়টিকে বিবেকানন্দ গুরুত্ব দিয়েছেন বিশেষ ভাবেই।
আমরা জানি, পৃথিবীতে যত বড় বড় কাজ হয়েছে, তার মূলে আছে আত্মবোধ ও আত্মবিশ্বাসের জাগরণ। আর আত্মবিশ্বাস থেকেই আসে আস্তিকতা। স্বামীজির ভাষায়, ‘যে নিজেকে (মানুষ) বিশ্বাস করে না, সে নাস্তিক— আর যারা হাজারটা দেবদেবীতে বিশ্বাস না করেই শুধু নিজের উপর বিশ্বাস রাখে,আত্মবোধে ভর দিয়ে সচেতন হয় সে-ই আস্তিক।’
আমরা সবাই আত্মপরতায় বাঁচতে চাই। পরার্থে জীবন উৎসর্গের বিষয়টি যেন থেকে যায় বাক্যবন্ধনীতে। এই আত্মপরতা থেকেই দেশ ও জাতির প্রতি আসে অবজ্ঞা। এই অবজ্ঞা-অবহেলার কারণেই বিচ্ছিন্নতাবোধের মাথা চাড়া দেওয়া, জাতীয় সংহতির বিপন্নতা, জাতীয়তাবাদ-জাতীয়তাবোধের অবমাননা। বিবেকানন্দ বলেছিলেন, ‘আগামী পঞ্চাশ বছর আমাদের গরীয়সী ভারতমাতাই আমাদের আরাধ্য দেবতা হোন। অন্যান্য অকেজো দেবতাদের এই কয়েক বছর ভুললে কোন ক্ষতি নেই। তাঁরা এখন ঘুমোচ্ছেন।’ সর্বস্তরের মানুষের মনে স্বদেশ ও মাতৃভূমিকে বিবেকানন্দ সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তাই নিজে নগ্ন পায়ে ভারতবর্ষ পরিক্রমা করেন। দরিদ্রজনের পর্ণকুটিরে যে পদধূলি নিয়ে গিয়েছেন তিনি, সেই পদধূলি নিয়েই পৌঁছেছেন রাজার রাজপ্রাসাদে। ভাঙ্গির দেওয়া হুঁকোর সঙ্গে রাজার দেওয়া দামি চুরুটের কোনও ভেদ রাখেননি। প্রকৃত ভারতবর্ষ ঠিক কোথায়, তার অন্বেষণই ছিল এর মূলে। কন্যাকুমারিকার শিলাখণ্ডে তিন দিন তিন রাত অনাহারে, ধ্যানস্তব্ধতায় ভারতবর্ষের মানুষের উত্থানের উপায় খুঁজে ফিরেছেন। পাশ্চাত্যে যাত্রা তো তারই ফল।
দেশ থেকে দেশান্তরে, অবশেষে আন্তর্জাতিকতায়। সন্ন্যাসী বিবেকানন্দের নিজস্ব কোনও দেশ থাকার কথা নয়, সব দেশই তো তাঁর দেশ! তিনি বিশ্বনাগরিক। সকল মানুষের এই ‘আইডেন্টিটি’-র প্রতিষ্ঠায় সচেষ্ট তিনি। তাই তিনি আন্তর্জাতিক একটি সংগঠন, আন্তর্জাতিক বিধান এবং আন্তর্জাতিক সংহতির প্রয়োজনীয়তার বিষয়টি বিশেষ ভাবে অনুধাবন করেন এবং তার বাস্তবায়ন চান। আসলে দেশ-মহাদেশের সীমা অতিক্রম করেই তো মানুষ হয়ে ওঠে বিশ্বনাগরিক।
ধর্ম নিয়ে আজ পৃথিবী সন্ত্রস্ত। মৌলবাদীদের আস্ফালন সর্বত্র। মানুষ বিপন্ন। বিবেকানন্দ মন ও মুখের সত্যতায় স্পষ্টত জানান‘ধর্ম মানুষের বন্ধু।’ তা কোনও শর্তাধীন নয়। বিনিময়যোগ্য স্বার্থের আদানপ্রদানে সঙ্কুচিতও নয়। ধর্ম বিবর্তনের পথেই এগোয়। ধর্ম সমাজের দায় বহন করে। নিরন্ন মানুষের জন্য অন্ন, অসুস্থ প্রপীড়িতের জন্য ত্রাণ-সেবা, অনাথ-বিধবার অশ্রুমোচনের দায়িত্ব ধর্মকেই নিতে হয়।
বিবেকানন্দ বুঝেছিলেন যে, দেবতা আকাশ থেকে নামেন না বা মাটি ফুঁড়েও ওঠেন না। বিবেকানন্দ চান জীবন্ত মানুষের পুজো। শিষ্যবর্গ এবং সতীর্থদের প্রতি তাঁর নির্দেশ, ‘মানুষের জন্য কাজ (যা পুজোরই শামিল) করে করে তোরা শেষ হয়ে যা, এটাই আমার আশীর্বাদ।’ বিষয়টি শ্রীরামকৃষ্ণ নির্দেশিত ‘শিবজ্ঞানে জীবসেবা’রই নামান্তর।

0 মন্তব্যসমূহ