পোস্ট বার দেখা হয়েছে
অন্তর্যামী
মেখলা ঘোষদস্তিদার
হে পুরুষোত্তম! যুগের অবতার
তুমি বিশ্বজয়ী, সর্বগুণের আধার,
হে সত্যদ্রষ্টা! দর্শনে অনুভবে
অজ্ঞানতা ঘোচাতে জ্বেলেছো প্রদীপ সরবে,
হে মহানসাধক! হিংসার রণ জুড়ে
রেখেছো বার্তা প্রেম- বলয়ে হৃদয় অন্তঃপুরে,
হে পতিতপাবন! কোদণ্ডে তোমার হাত
নাশিতে পাতক টঙ্কারে শঙ্খনাদ,
ডঙ্কারে তোমার মাভৈঃ বাণী
একাগ্রতায় মুছেছো সকল গ্লানি,
হে প্রাণের মুসাফের! নিষ্ঠা ও প্রতিরোধে
ভ্রাতৃত্বভাবে গড়েছো দিক জাতীয় চেতনাবোধে,
তরুণ হৃদয় মূলে ঝংকৃত চয়নে
চরণ চিহ্ন রয়েছে পড়ে সুরভিত অয়নে,
হে ত্যাগী! দুষ্টচক্রে হেনেছো আঘাত
আর্তের সেবায় উদার মননে করেছো প্রাণপাত,
আত্মাহুতির আদর্শ জ্ঞানে মুক্তির আলোকে
রেঙেছো আকাশ অরুণ দ্যুতিতে কিরন ঝলকে,
হে অধীশ্বর! মুচি, মেথর,দরিদ্রকে
আপনার করে বেঁধেছো মানবধর্ম স্তোকে,
হে ব্রহ্মজ্ঞানী! মানবের পূজারী
স্বার্থোদ্ধত ক্লান্ত চিত্তে ঢেলেছো শান্তি বারি,
সীমানা ছাড়িয়ে অসীমের মাঝে হে অন্তর্যামী
চরণে তোমার জানাই প্রণাম সকলের স্বামীজী।

0 মন্তব্যসমূহ