বর্ষার কবিতা | বরুণ চক্রবর্তী




পোস্ট বার দেখা হয়েছে


বর্ষার কবিতা
 

মেঘেরা জানে না ‌,
কখন নামবে বৃষ্টি আর কখন উঠবে ঝড়
সেইটা মানে না
গাছগুলো আজ উঠবে কেঁপে বিশ্বটা থরথর 

সূর্য-টা কে মিছেই ঢাকা দিয়ে দিনের আলো নেয় যে ছিনিয়ে
হিসেব সে না জানে
মিছেই শুধু উড়ে বেড়ায় যেখানে সেখানে

বর্ষা নামে পথে ঘাটে 
বর্ষা কুঁড়ে ঘরে
ন্যাংটো খোকার ছোটাছুটি শুধুই কেঁদে মরে 
বর্ষা চাষী-র ক্ষেতে
চাষী-র মুখে ফুটছে হাসি 
সোনালী ধান উঠছে যেন মেতে

তবু যে ওই ছোট্ট খোকার শুধুই খালি গা ----
শূন্য পেটে ধুঁকছে খোকা একমুঠো ভাত উদরে আর কেন জুটছে না ?

মেঘ গো তোমার নেই তো প্রয়োজন
সোনালী ধান উঠলে পরে প্রাসাদে তার বিরাট আয়োজন
ফুটপাতে আর কুঁড়ে ঘরে শূন্য ফুঁটো থালা
তবু তাদের শূন্য দেহে বর্ষা ভেজার জ্বালা 

মেঘ গো, তুমি একটু ছুটি নাও ,
ন্যাংটো খোকার কালি দেহে সূর্যোদয়ের নতুন আলোয় ভরিয়ে দিয়ে যাও  -------

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ