পোস্ট বার দেখা হয়েছে
ওগো বর্ষা তুমি
ভ্রুকুটি অনলে তীব্র দহনে গরজে সৌদামিনী,
গগন গহনে ঘন ঘোরে তারে না জানি কেমনে চিনি।
আপন রঙ্গে ভাবতরঙ্গে খেলিছো এ কোন খেলা,
আকাশের তরে ভালোবাসিবারে কাটিয়াছে সারা বেলা।
ঢাকিয়া বিধুরে জলদ মাঝারে আসিয়াছো মেঘপর্ণা,
রিক্ত জীবনে সিক্ত ধারায় ঢালিয়াছো প্রেমবর্ণা।
ধূলি ধূসরিত উষ্ণ পৃথিবী তোমারই অপেক্ষাতে,
তুমি আসবে ভালবাসবে ওগো শ্রাবণ সুপ্রভাতে।
তরুছায়া মাঝে প্রেমালাপি দেখো বিহঙ্গ কোনো খানে,
দু বাহু বাড়ায়ে বক্ষে জড়ায়ে সখারে ধরিছে টানে।
আমলকি বনে যে মহা লগনে ছুঁয়েছিলে তুমি এসে,
তব কাঙ্ক্ষিত অঝোর ধারায় অন্তর গেছে ভেসে।
তব কামনার পিপাসায় আজি প্রেমের ভিখারি আমি,
ভিখারিনি তুমি বুঝিলে কি আজি ভালোবাসা কত দামি ?
ঝরিছো আজিকে তপ্ত দহনে ঝরিছো শরীর জুড়ে,
জুড়াইলে জ্বালা হৃদয় গভীরে কভু কাছে কভু দূরে।
তৃষিত বক্ষে অঝোরে জীবনে দিলে শ্যামলের আশা,
অমৃতধারার স্পর্শে আমার লেখনী পেয়েছে ভাষা।
আজি ঝরঝর মুখর ধারায় তোমারে পেরেছি চিনিতে,
চোখ থেকে ঠোঁটে হেলায় ঝরিছো ঝরিছো আমার আমি তে।

0 মন্তব্যসমূহ