পোস্ট বার দেখা হয়েছে
ছেলেবেলার গান
ছোট্টবেলার দিনগুলি সব
ছিল অনেক ভালো,
ভাব, আঁড়ি আর ভালোবাসায়
জীবন হত আলো।
ছোট্ট সুখ আর ছোট্ট আশায়
ভরা ছিল প্রাণ,
তাই মনের কোণে ভেসে আসে...
ছেলেবেলার গান।
বন্ধু ছিল প্রাণের কাছে,
হাতের 'পরে হাত...
হাসি খেলায় আনন্দেরই
উঠত কলতান!
হারিয়ে গেছে সব কিছু আজ,
আহত বিশ্বাস!
তবু মনের কোণে
আজও বাজে ছেলেবেলার গান,
"বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বাণ"...।।
===
আগল
অতল জলরাশি...
ভাঙছে মন!
তবুও তো ভালোবাসি...
অনুভবে অনুক্ষণ,
একান্ত গোপন।
বাঁধ ভেঙে বৃষ্টি আসুক আজ...
মনের আগল যাক্,
খুলে যাক্!
কারণ ভাবার নেই অবকাশ আর,
ভিজবে আকাশ...
মেঘের সঙ্গে আজ।
====
অঙ্কন : ডঃ রাখীবৃতা বিশ্বাস
এলোমেলো
স্বপ্ন হারায়, তবু স্মৃতি পরে থাকে,
মনপট রঙহীন ধূসর!
জলছবি হারায় পথের বাঁকে...
এক চিলতে রোদ্দুর,
বা বৃষ্টিভেজা দিন...
বড়ই নিঃসঙ্গ!
বিষণ্ণ সারাদিন...
ছন্দহীন।।
পথ যদি বা খুঁজি,
কেন পাই না সোজা পথে...?
অজানা এক রাগ-রাগিনী,
বিষ ঢালছে বুকে।।
যন্ত্রণারা বোঝেই না,
আমি যে যন্ত্র না!!
===
আত্মজা
ছুঁয়ে আছি আমি তোমায়...
প্রতিনিয়ত,
বর্ণে, গন্ধে আর স্পর্শে,
অনুক্ষণ ...
অবিরত !
জুড়ে আছ তুমি আমারই সাথে...
আমারই আত্মজা তুমি,
ভালোবাসার মূলাধারের স্রোতে...।
মিলেমিশে আছ তুমি,
আমারই এই চেতনায়...
অনুভবে...
অনুরণন!
ধমনী ও শোণিতে।।
===
অন্য নিষাদ
ঐ দূর নীলিমায়
স্রোতের আবেশ,
কোনো কিছু হারাবে না,
রয়ে যাবে রেশ...।
আজীবন ... নির্নিমেষ!
এখনো বসন্ত আসে ইটের পাঁজরে...
স্পন্দন হয়ে যায়,
মেসেজের রিঙটোন্ ...
ক্লান্তির ও রঙ আছে,
সুর আছে বিষাদেও !
বন্ধু বুঝবে জানি...
ধৈবৎ বা নিষাদেও।।


2 মন্তব্যসমূহ
খুব সুন্দর ❤
উত্তরমুছুন❤️❤️❤️❤️
উত্তরমুছুন