পোস্ট বার দেখা হয়েছে
রোদ্দুর আসবে আবার কখনো—
এই আশা করিনা আর।
ছাইরঙা আকাশের গা থেকে শহুরে তারাগুলো হারিয়ে গেছে। তাই রাত্তিরের পর্দাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে।
তুমি এসে ছুঁয়ে দিলে যখন—
বিছানায় এখনো তোমার স্পর্শ লেগে আছে।
ভিজে যাওয়া ঠোঁটদুটোয় উন্মত্ত মাদকতা ছড়িয়ে। চোখদুটো দেখিনি কখনো। শুধু অনুভবে মেপে যাই গভীরতা।
যতবারই ছুটে যাই কুয়াশায় মুখ ঢাকব বলে—
তুমি মুখ খুলে দাও কুয়াশা মুছে।
দু'নখ ডুবিয়ে ফিরে আসে ঘসা কাঁচের দেওয়ালের অস্পষ্টতা। দীর্ঘায়িত রাতের ঢেউ ভাঙে। সমুদ্রেরও।
পরিযায়ী পাখিদের দলে তুমিও ভিড়ে গেলে আজ। উড়ে চলে গেছো সমুদ্রের কান্না পেরিয়ে বহুদূর—
আবহমানতার প্রবাহমানতায় সকালেরা ভিড় করে না আর বালির উপর।
রোদ্দুর আসবে আবার কখনো—
এই আশা আঁকড়ে বেঁচে থাকি।
তাই রোদ্দুর খুঁজে ফিরি প্যাঁচার নিঃসঙ্গতায়। বাউলের জীবনযাপনে।

1 মন্তব্যসমূহ
অসামান্য লেখায় রোদ আসবেই
উত্তরমুছুন