পোস্ট বার দেখা হয়েছে
চেতনায় নজরুল
হারিয়ে গেছো অন্ধকারে-পাইনি খুঁজে আর,
আজকে তোমার- আমার মাঝে সপ্ত পারাবার!
তুমি বিশ্বে ছাড়ায়ে উঠিয়াছো একা চির-উন্নত শির!
চৈতি হাওয়ায় পাঠাইলে লিপি, বিংশ শতাব্দীর।
অন্ধ পতিরে আঁখি দেয় যেন, তোমার সত্য আচরণ,
সোচ্চার ওই প্রতিবাদে তব, উজ্জীবিত বাংলার মনন।
গৈরিক গায়ে সৈনিক ধায় তালে তালে, ওই পালে পালে,
কান্ডারী তুমি হুঁশিয়ারী দিয়ে চোখ ইশারায় ডাক দিলে।
রাজরোষ ওই পরাধীনতার বিরুদ্ধে, তুমিই প্রত্যক্ষ সংগ্রাম!
প্রকৃত স্বভাবে দুখু মিয়া, তুমি মহান কবি কাজী নজরুল ইসলাম।
"মানুষের ওপর মানুষের ওই অন্যায় অবিচার,
লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথেই, সান্ত্রিরা হুঁশিয়ার"....
এরূপ, তোমার লেখনী ধারায় আখ্যা লভিলে বিদ্রোহী!
যৌবনেরই যত ছিল দূত, বানাইলে তব গুণগ্রাহী।
দৃপ্ত কণ্ঠে তুমি বলেছিলে, "আমরা শক্তি- আমরা বল,
দিকে দিকে চলে কুচ-কাওয়াজ ওই, খোল রে নিদ মহল!"-
আজও মোরা শুনি তব আহ্বান, মোরা যে ছাত্রদল-
তব ভরসায় মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন-দেখা হোক সফল।
মোরা উপাড়ি' ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে,
হারানো হিয়ার কুঞ্জ পথেই মোরা ভেসে যাই, ওই শাওন রাতের ছন্দে।
অগ্নিবীণার সুর-ঝঙ্কারে, তুমি গড়েছ বাংলার আগামী প্রজন্ম-
যুগে-যুগে তুমি আসিয়াছ পুনঃ,
এই স্রষ্টার শনি মহাকাল ওই ধূমকেতু সম!
আজিও ব্যথিত সৃষ্টির বুকে ভগবান কাঁপে ত্রাসে,
স্রষ্টার চেয়ে সৃষ্টি পাছে বা বড় হ'য়ে তারে গ্রাসে!
ভুলে গেছে আজ স্তব্ধ পৃথিবী তব সাম্যের গান,
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।
লিখছে যে আজ হিংস্র পৃথিবী, স্বার্থসিদ্ধির ঐ রাজনীতির টানাটানি-
তাই বারেবারে স্মরণ করি, রচিত তব "মানুষ"-এর সেই চিরসত্য বাণী,
"পূজিছে গ্রন্থ ভন্ডের দল; মূর্খরা সব শোনো,
মানুষ এনেছে গ্রন্থ;- গ্রন্থ আনেনি মানুষ কোনো।"
আজও পৃথিবীতে হাহাকার আর হানাহানির ওই কারবালার ময়দান,
ভুলে গেছে সবে গাইতে আজি সাচ্চারই জয়গান!
তব সুরেই মাগে প্রতিকার,
এই ধরণীর ধূলি-মাখা সব, অসহায় সন্তান।
হে বিদ্রোহী কবি, আমাদের শত ব্যথিত হৃদয়ে-
অনন্তকালই জাগিয়া রহিবে তুমি ব্যাথা হ'য়ে!
কান্ডারী হয়ে উঠবে বেঁচে, ভোলার মাঝে, সেই তো তোমার প্রাণ!
নাই বা পেলাম, চেয়ে গেলাম, গেয়ে গেলাম তোমার গান।
"যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর খুঁজবে"...
লেখনী তব, "অভিশাপ"-এর এই ব্যথাটাই আজ, মোদের বুকে বাজে!
প্রায়শ্চিত্তের গ্লানিতে মোরা, মরমে মর'ছি লাজে।
তব ভাষাতেই তাই বলি আজ, বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই 'নবি',
কবি ও অকবি যাহা বলে বলুক মোরে, মুখ বুজে তাই সই সবি।
শুধু বিদ্রোহী সুরেই প্রার্থনা করি,- যারা কেড়ে-খায় একশত পঁয়ত্রিশ কোটির মুখের গ্রাস,
যেন লেখা হয় আমার রক্ত-লেখায় তাদের সর্বনাশ ।।

2 মন্তব্যসমূহ
অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর খুঁজবে
উত্তরমুছুনঅপূর্ব
একরাশ মুগ্ধতা
অসাধারণ লেখনী
উত্তরমুছুন