পোস্ট বার দেখা হয়েছে
স্যাটেলাইট থেকে...
স্যাটেলাইট থেকে যদি গোনা যেতো
কুলি-মজুরের হাড়-পাঁজর,
যদি শোনা যেতো ঘাম ঝরার শব্দে
সাম্যবাদের গান,
যদি বোঝা যেতো চীনের প্রাচীরের ন্যায়
অজস্র বাউন্ডারি
আমি নিশ্চিত, স্যাটেলাইটগুলো
মাথার উপর ভনভন করে উড়তে পারতোনা।
অনেক দূর থেকে বিদ্রোহী সুরগুলো
যখন অস্পষ্ট হয়ে আসছে,
যখন কান্ডারিরা হারিয়ে ফেলছে
ইমিউনিটি, ব্যস্ততার বেচাকেনায়,
যখন লালমাটির প্রেম চাপা পড়ছে
সংখ্যাগোনা হাইওয়ের তলায়,
তখন কোন অবেলার ডাক
জাগিয়ে দেবে অলসতার ঘুম-চোখ?
স্যাটেলাইটগুলো পেয়েছে তার কক্ষপথ,
নীল-সবুজের উপর চোখ রাখতে রাখতে
ভুলেই গ্যাছে তার দধীচি-গান,
শুধু সময় পেলে একবার করে
নজরুলের সাথে গাইতে বসে
শ্যামা-সঙ্গীত।

1 মন্তব্যসমূহ
অপূর্ব প্রকাশ
উত্তরমুছুন"ভুলে গেছে দধীচি গান"