পোস্ট বার দেখা হয়েছে

ঘড়ির কাঁটা তখন ১০টা ছুঁই ছুঁই। ট্রেন এসে থামল কনকপুর স্টেশনে। অমল তড়িঘড়ি করে ব্যাগপত্র নিয়ে নামল। মনে মনে বলল,
"ইস, কত দেরি হয়ে গেল! মিনু অপেক্ষা করছে। বারবার করে বলেছিল তাড়াতাড়ি আসতে।"
প্রায় পাঁচ বছর পর বোনের বাড়ি যাচ্ছি। কর্মসূত্রে বাইরে থাকা হয় বলে মিনুর বিয়ের পর থেকে কখনো গিয়ে ওঠা হয়নি। ভাগ্নির তিন বছরের জন্মদিন, একরকম জোর করাতেই দেশে ফেরা।
অনেক করে বলেছিল, "দাদা, দেরি করিস না।" কিন্তু রাস্তাঘাট সেইরকম কিছুই চিনিনা।
একবার ফোন করি, বলে ফোনটা বের করে মিনুকে ফোন করতে কী বলল, কিছুই বোঝা গেল না। ফোনটা কেটে গেল।
অগত্যা রাস্তায় নামলাম, দেখি কিছু পাই কি না। যতদূর চোখ গেল, কোনো গাড়ি ঘোরার কোনো অস্তিত্ব নেই। কোনদিকে যাব, কিছুই ভেবে উঠতে পারছি না। হঠাৎ একটা ছোকরা আমার দিকেই এগিয়ে এলো।
আমার উদ্দেশ্যে বলল, "এত রাতে কোথায় যাওয়া হবে?"
আমার মোটেও সুবিধার মনে হচ্ছিল না। দেখেই মনে হচ্ছিল লোকটা মাতাল গোছের।
তাও বললাম, "শিকারি পাড়া যাব। কোনো গাড়ি পাব?"
লোকটা বলল, "এত রাতে কিছুই পাবেন না দাদা, আপনাকে হেঁটেই যেতে হবে।"
আমি বললাম, "কোনো শর্টকাট আছে রাস্তা?"
লোকটা কী যেন একটা ভাবল, তারপর বলল, "আপনি মুখুজ্জে বাড়ির উপর দিয়ে গেলে ওটা তাড়াতাড়ি হবে। তবে ওই রাস্তায় রাতে কেউ যায় না।"
আমি জিজ্ঞেস করলাম, "কিসের ভয়ে? চোর-ডাকাত নাকি?"
লোকটা বলল, "না দাদাবাবু, ভূতের ভয়ে।"
কথাটা শুনে কোনো রকমে নিজের হাসি চেপে রাখলাম। বিদেশে চাকরি করেছি এত বছর, এত উন্নত সমাজে বাস করি, ভূত বলে কিছু আছে নাকি? মনে মনে বললাম।
আচ্ছা, আপনি রাস্তাটা বলুন। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এখন এসব নিয়ে ভাবতে বসলে আজ আর পৌঁছাতে পারছি না।
রাস্তা জেনে নিয়ে হাঁটা লাগালাম।
কিছুটা হেঁটে যাওয়ার পর কাঁচা মাটির রাস্তা শুরু হলো। দু'ধারে ফাঁকা জমি। দূর থেকে ভেসে আসছে শিয়াল-কুকুরের শব্দ। রাতের অন্ধকারে তা আর্তনাদের মতো হয়ে ফেটে পড়ছে। কিছুটা যে গা ছমছম করছে, তা অস্বীকার করার নেই।
ঠিক কোথা থেকে যেন শুকনো আকাশে বৃষ্টি শুরু হলো। আমি পড়ি কি মরি করে প্রায় দৌড়াতে শুরু করলাম, যদি একটা আশ্রয় পাই দাঁড়াবার।
দূর থেকে একটা আলো চোখে পড়ল। ওই আলোকে স্মরণ করে ওই দিকে যেতে লাগলাম। গিয়ে পৌঁছে দেখি, সে এক বিশাল জমিদারবাড়ি। অনেক স্থান প্রায় ধসে পড়েছে।
দরজাতে টোকা দিতেই একটা বয়স্ক মহিলা এসে দরজাটা খুলে দিলেন।
বললাম, "বৃষ্টি হচ্ছে অনেক, একটু বসতে দেবেন? বৃষ্টি শেষ হলেই চলে যাব।"
বৃদ্ধ মহিলা কিছু বললেন না, ইশারায় বসতে বললেন ভিতরে এসে।
ভিতরে এসে আমি বিস্মিত! বাইরে থেকে যেটা ধ্বংসপ্রায় মনে হচ্ছিল, ভেতরটা ততটাই রাজকীয়। কোনো জায়গায় কোনো পুরনো ছাপ পর্যন্ত নেই।
বসে থাকতে থাকতে কখন চোখ লেগে গেছে বুঝতে পারিনি। ঘুম ভাঙল অনেক কোলাহলে।
চোখ খুলে দেখি, অনেক মানুষ একত্রিত হয়েছে ঘরটার মধ্যে। তাদের মধ্যে চলছে কিছু বচসা সম্পত্তি ভাগাভাগি নিয়ে। বুঝে ওঠার আগেই একটা লোক তরোয়ালটা দিল অপরের গলাতে চালিয়ে।
কাটা মাথাটা এসে পড়েছে আমার পায়ের নিচে। চোখ দুটো খোলা, যেন আমার দিকে তাকিয়ে আছে।
লোকটা এবার তার তরোয়ালটা নিয়ে বসালো এক মহিলার উপরে। মুহূর্তে দেহ স্থির হয়ে পড়ে গেল।
আমার হাত-পা কাজ করছে না। শত চেষ্টা করেও নিজেকে নাড়াতে পারলাম না। কোন মৃত্যুপুরীতে এসে পড়লাম!
এবার লোকটা তরোয়ালটা নিয়ে আমার দিকে এগিয়ে এলো। আমি কী করব বুঝতে পারছি না। মনের শক্তি সঞ্চয় করে কোনোরকমে উঠে দাঁড়িয়ে দরজার দিকে ঘুরে দৌড়াতে লাগলাম।
পিছন থেকে হাসির শব্দে ফেটে পড়ছে দিগন্ত থেকে দিগন্ত।
ধাক্কা লাগল এক মোটরসাইকেলের সাথে। জ্ঞান হারাবার আগে পর্যন্ত দেখলাম, "পরশ", মিনুর বর।
জ্ঞান ফিরতে দেখলাম, আমি বিছানায় শুয়ে আছি। আমাকে চারদিক থেকে ঘিরে আছে মিনুর শ্বশুরবাড়ির লোকজন।
কী হয়েছে জিজ্ঞাসা করার আগেই মিনু আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল।
মিনু বলল, "দাদা, তোকে বারবার বললাম ফোনে, মুখুজ্জে বাড়ির রাস্তা দিয়ে আসবি না। ওই রাস্তাটা ভালো না। তুই কিছু শুনলি না। আমার সন্দেহ হয়েছিল, তাই আমি পরশকে পাঠিয়েছিলাম।"
আমি জানতে চাইলাম, "কী হয়েছিল এই বাড়ির সাথে?"
পরশ বলল, "দেড়শো বছর আগে দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে ছোটো ভাই বড়ো ভাইয়ের সাথে তার স্ত্রীকে হত্যা করেছিল। আর সেই দিন ছিল ভূত চতুর্দশী।
তাই প্রতিবছর ওইদিন আবার ওই বাড়ি হয়ে ওঠে মৃত্যুপুরী।
ভূত চতুর্দশীর সেই দিন থেকে প্রতি বছর ওই দিন আমাদের গ্রাম হয়ে ওঠে কাল চতুর্দশীর রাত।"
0 মন্তব্যসমূহ