( সত্য ঘটনা) অন্যরকম ভৌতিক || মৃদুলা গরাং (সমাপ্তিকা)




পোস্ট বার দেখা হয়েছে

ভুত ভুতুরে অদ্ভুতুড়ে 

কুমড়ো পটাশ বাচ্চা 

ভয় লাগেনা দেখে তবু 

সাজগোজেতে সাচ্চা।

বাঙালির এই হ্যালুইন এ 

নানান রকম ভুত 

শাকচুন্নি, মেছো বা কেউ

মামদো ভুতের পুত।


আমার কাছে ভূত চতুর্দশী বলতে আজও ,  সেই কৈশোরের দিনের হঠাৎ কোনো লোডশেডিংয়ের সন্ধ্যেবেলায় বাবার নানারকম ভৌতিক গল্পের ঝাঁপি খুলে বসা। 

তবে ভূত চতুর্দশীর দিনটির বিশেষত্ব অবশ্যই স্বতন্ত্র। তা নিয়ে জানা বা পড়াশোনাটাও অনেক পরেই হয়েছে স্বীকার করতে দ্বিধা নেই।


তবে স্বীকার করতে দ্বিধা নেই, ছোটবেলায় ভূত চতুর্দশীর দিন, ঘুটঘুটে অন্ধকারে প্রদীপ জ্বালাতে যত না ভয় পেত তার কয়েক গুণ ভয় ও বিস্ময়ে রোমকূপ খাড়া হতো বাবার কাছে ভুতের গল্প শুনে।

আমার বাবা খুব রাশভারী ও অকুতোভয় মানুষ ছিলেন।

মনে আছে, একবার গরমকালের মাঝ সন্ধ্যে, লোডশেডিং হতেই হৈ হৈ করে সান্ধ্যকালীন পড়ার ছুটি হল ছোট কাকুর আদেশে।। 

আমতেল , চানাচুর  ও আলুসেদ্ধ সহযোগে মাখা মুড়ি  আর বাবার জন্য চা এলো একতলার ছাদে। 

আকাশে চাঁদ তখন একটা কুমড়োর ফালি। ছাদ ভেসে যাচ্ছে বেলফুলের গন্ধে। রাতের আবছা আলোয় এ্যন্টেনাটার থেকে - থেকে দুলে ওঠা,  কোনো অশরীরীর থেকে কম মনে হচ্ছিল না !

আমরা পাঁচ তুতো ভাইবোন, মা, কাকু, ঠাকুমা, কাকিমণি মিলে তখন আমাদের ছাদেই চাঁদের হাট যেন।

বাবা বললেন, "বুঝলে সৎ সাহসকে সবসময় জীবনের পাথেয় করবে। সৎ সাহস ই একমাত্র ভিতরে থাকা ভয়ের অন্ধকারকে দূর করতে পারে। দীপাবলীর আলোর এটাই প্রকৃত মাহাত্ম্য।

আজ তোমাদের তেমনই একটা ভূতের গল্প বলবো।এটা ভূতের যদিও প্রত্যক্ষ ভূতদর্শনের গল্প নয়, তবুও তার থেকে কমও নয় মোটেই।"

উৎসাহ আর শিশুমনের ভয় সম্বল করে আমরা ভাইবোনেরা ঘিরে বসলাম আমার বাবাকে ।

এপাশ ওপাশ তাকিয়ে দেখলাম ছাদ থেকে। কিছু জোনাকি, দুরের সীমারেখা আর বড় বড় গাছগুলোকে হাওয়ায় দুলতে দেখা যাচ্ছে। মাঝে মাঝে কুকুর আর ব্যাঙের ডাকও কানে আসছে। পিছন ফিরে দেখলাম মা, ঠাকুমা, কাকিমণি সবাই কাছে বসেছে কিনা আমাদের ! নইলে ..!

বাবা শুরু করলেন - 

"আমি তখন ম্যাট্রিকুলেশন পাশ করেছি সদ্য।

পাড়ার সব বন্ধুদের মধ্যে আমি সবথেকে ভালো নম্বর পাওয়ায় বন্ধুরা আবদার করলো রসগোল্লা খাওয়াতে হবে সকলকে। তাও আবার এক হাঁড়ি গরম রসগোল্লা চাই সবার। 

তবে তখনকার সময়ে ঐ বয়সে অত টাকা থাকতো না ছেলেমেয়েদের হাতে।

তাই আমিও ঘুরিয়ে বললাম, আমি কষ্ট করে পড়েছি, পরীক্ষা দিয়েছি, নম্বর পেয়েছি তোরা ই বরং আমায় রসগোল্লা খাওয়া সবাই মিলে।

ব্যস যেই না বলা অমনি বন্ধুরাও বললো খাওয়াবে, সবাই মিলে টাকা জড়ো করে।। 

শুনে আমি তো আহ্লাদে আটখানা, সাথে নিজের বুদ্ধির জন্য একটু অহংকারও হচ্ছিল।

কিন্তু আসল ব্যপারটা বুঝলাম, যখন সবাই চেপে ধরলো আমায় একটা অদ্ভুত আবদার নিয়ে। আবদার নয় বলা ভালো শর্ত।

সে শর্ত শুধু অদ্ভুত নয়, খুব কঠিন, অত্যন্ত সাহসীকতার একটা কাজ , যা সকলের পক্ষে মোটেও করা সম্ভব নয়।

সেটা করতে পারলে তবেই ওদের কথামতো ঐ এক হাঁড়ি রসগোল্লা পাবো আমি। কিন্তু আমার, পূর্ব কিছু কাজকর্মের অভিজ্ঞতা থেকে ওদের বিশ্বাস ছিল আমি ঠিক পারবো। বললো - "

এরপর কি হতে চলেছে, বাবার বন্ধুরা বাবাকে কোন কঠিন কাজ দেবে সেটা ভেবে অস্হির হচ্ছি আর ভয়ও বাড়ছে উত্তরোত্তর। 

কারণ বাবা যে এরকম পরিস্থিতিতে ভূতের গল্পই বলে এবং তা যথেষ্ট হাড়ে কাঁপন ধরানোর মত,  তার পূর্ব অভিজ্ঞতা ছিল আমাদের।

বাবা খানিক থেমে চায়ের কাপে শেষ চুমুক টা দিয়ে, কাপ - প্লেট সাইডে সরিয়ে রেখে বাবা আবার শুরু করলো- 

"শোন স্বপন , কাজটা খুব কঠিন কিছু নয়। পরশুদিন মাস্টার মশাইয়ের স্ত্রীর দাহকার্য করে এসেছি আমরা পূব পাড়ের শ্মশানে, সবাই জানিস।

ওনার প্রিয় লাঠি টা সেই শ্মশানেই পড়ে আছে, ঠিক যেখানে তাঁকে দাহ করা হয়েছিল, তার পাশেই।

তোকে আগামী অমাবস্যা রাতে, ওখানে একা গিয়ে ঐ লাঠি টা এনে আমাদের দেখাতে হবে।

পরেরদিন এক হাড়ি গরম রসগোল্লা বাঁধা।"


কি বলছো বাপি!!! তুমি সত্যি করলে? বললাম আমি, বাকিরা চোখ বড় করে চুপ।

"বলছি তো, শোনো না।

ঠিক তিনদিন পর ছিল ভাদ্র অমাবস্যা । আমি যাবো মনস্হির করলাম।কারণ ভয় জিনিসটাকেই আমি ঘৃনা করি বরাবর। তবে অতিলৌকিক বিষয়কে অগ্রাহ্য করিনি কখনো।

অমাবস্যার দিন সারটা দিন কাটলো মানসিক প্রস্তুতির মধ্যে। পেট ভরে খাই নি সেদিন আমি। সেটা ভয়ে নয় অন্য কারণে।

সন্ধ্যে হতেই বাবাকে মানে তোমাদের দাদামশাইকে বললাম সবটা। বাবা বাধা দেন নি একবারাও। শুধু বলেছিলেন নিজের খেয়াল রাখবে, আর পিছন ফিরে তাকাবে না যে অবস্হায় যা ই হয়ে যাক।

শ্মশানের উদ্দেশ্যে বেরোলাম আমি , বাবাকে প্রণাম করে।

আমাদের বাড়ি থেকে পুব দিকের শ্মশানের দূরত্ব ছিল ২৫ মিনিটের হাঁটা পথ। 

নিজের এনার্জি বাঁচাতে সাইকেলে কিছুটা যাবার পর, গ্রামের শেষ বাড়িটার গায়ে সাইকেলটা রেখে এগোতে লাগলাম পায়ে হেঁটে। তখনকার দিকে গ্রামে যখন তখন 

জিনিসপত্র চুরি হতো না, এবং এক গ্রামের মানুষ অন্য গ্রামের অধিকাংশ মানুষকেই চিনতো।

যাইহোক,মাথা থেকে সবকিছু সরিয়ে ঐ লাঠি তে মনোযোগ দিলাম। 

অনেক বড় জমিতে ছিল সেই শ্মশান।

শ্মশানের কাছে দাঁড়িয়ে দূর থেকে লক্ষ্য করলাম জায়গাটা,যেখানে অনুভা দেবীকে ( কাল্পনিক নাম) দাহ করা হয়েছিল।

ঘুটঘুটে অন্ধকারে প্রায় কিছুই দেখার উপায় নেই। তবুও কিছুক্ষণ দাঁড়াতে অন্ধকারের মধ্যে থাকা আলোয়, শ্মশানের বেশ কিছুটা অংশ স্পষ্টত চোখে এল।

সেই জায়গাটাও যেখানে লাঠিটা পড়ে ছিল। 

তবে সেটা নিতে আমায় এগোতেই হতো। অগত্যা এগোতে লাগলাম।" 

মশা কামড়াতেই , নিজের পিঠের বদলে ভুল করে হাত দিয়ে ফেলেছিলাম মেজদির গায়ে, গল্পের আবহে ভুবে থাকায় ভয়ে আর্তনাদ করে উঠলো দিদি অন্য কিছু ভেবে! বললাম আমিরে! মুচকি হাসলামও ! সবার মুখ তখন থমথমে।

বাবা বলে চললেন - "ভয় না পেলেও গা ছমছম করছিলো তো বটেই। পাদুটো যেন উঠতেই চাইছিলো না এত ভারী লাগছিল। বেশ বুঝতে পারছিলাম এটা ঐ জায়গাটার বাতাসের খেলা।

বেশি না ভেবে এগিয়ে চললাম। মনে পড়তে লাগলো আভা দেবীর মৃত্যু ও সেই দিনের প্রতি মুহুর্তের সব ঘটনা। তাঁর কাঁধকাঠ ছিলাম তা ভুলি কিকরে।

সেদিনও বেশ কয়েকটা মৃতদেহের দাহ হয়েছিল, আশপাশের উত্তাপ ও সদ্য পরিত্যক্ত মৃতদেহের কিছু জিনিসপত্র থেকে অনুমান করলাম।

সেগুলোকে পাশ কাটিয়ে নির্জন শ্মশানের অন্ধকার ও অন্য জগতের অনিবার্য উপস্থিতিকে প্রণাম জানিয়ে হাজির হলাম সেখানে, যেখানে লাঠিটা পড়ে ছিল তখনও। সে লাঠি চেনার উপায় ছিল, হাতে ধরার জায়গাটা।

চিনলাম, আভা দেবীর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে, মনে মনে কারণটা বলে লাঠিটা হাতে তুলে নিয়েই এক ঝটকায় পিছন ফিরলাম। 

এবার হাঁটার গতি বাড়ালাম। তবে পা দুটো আরো কয়েকগুণ বেশি ভারী লাগলো। ভয় জেঁকে না বসলেও একদম যে পায়নি তা নয়।

তবে বুকে সাহস জোগাড় করলাম স্বামীজির মুখ স্মরণ করে আর মনে মনে পালন করলাম বাবার দেওয়া উপদেশ। 

আচমকা তীব্র ঝড় উঠলো সারা শ্মশানময় । সে ঝড়ের শব্দের ভিতর বোধ হচ্ছিল আরো কিছু শব্দ ভেসে যাচ্ছে আমার কান ঘেঁষে তবে তা স্পষ্ট নয়।

কোনো কিছুর তোয়াক্কা না করে মা কালীকে বললাম সহায় হও মা।

পা হালকা হল আগের থেকে অনেকটাই।

জোরকদমে হাঁটতে হাঁটতে অনেকটা দূর এসে দেখলাম একদল শ্মশানযাত্রী এগিয়ে আসছে মৃতদেহ কাঁধে করে।

বুঝলাম আমি গ্রামের কাছাকাছি এসে গেছি। ওখানে ওভাবে দাঁড়িয়ে প্রণাম জানালাম মা কালীকে। তারপর চোখে এক হাঁড়ি গরম রসগোল্লার ছবি নিয়ে সোজা সাইকেল চালিয়ে হাজির হলাম সেখানে, যেখানে বসেছিল হেরোগুলো বসেছিল আমার অপেক্ষায়।

হাতঘড়ি দেখে অজয় বললো রাত ১০ টা বাজে !!


আমার হাতের  ঐ লাঠিটা দেখে প্রথমে তো ভিরমি খাচ্ছিল। তারপর ভয়ে ও সংস্কারবশতঃ হাতও দিলনা অনেকে।

শেষে আমায় চ্যালেঞ্জ দিয়ে নিজেরা হেরেছে বুঝে, মুখ কাচুমাচু করে, নিজেদের পকেট হাতড়ে জড়ো করলো কুড়ি টাকা । তারপর আমারই সাইকেল নিয়ে আনতে গেল রসগোল্লা।

সেদিনের সেই অমাবস্যার রাত, শ্মশানের অভিজ্ঞতা, সেই লাঠি কিছুতেই ভুলতে দেয়নি আমায়, সৎ সাহস আর আত্মবিশ্বাসের মূল্য।

আর হ্যাঁ, ঐ এক হাঁড়ি গরম রসগোল্লা, প্রায় ৩০ টা সব সেদিন আমি এক খেয়েছিলাম ওদের দেখিয়ে দেখিয়ে।"


"সত্যি? এটা আমার বিশ্বাস হলোনা কিছুতেই বাপি!" আমি বললাম।

"তাই ? 

না রে মা, ঠিক ধরেছিস, সবার সাথে আনন্দ ভাগ করে নিলে তা যে বেড়ে দ্বিগুণ হয়। তাছাড়া আমার প্রতি ওদের এই গভীর বিশ্বাস, ওদের বন্ধুত্বের প্রতি আমার শ্রদ্ধা বাড়িয়েছিল কয়েক গুণ।"

বড়দিদি বললো, " জ্যেঠু, বলিহারি তোমার সাহস!"

ঠাকুমা বলে উঠলো - " হবে না? সিংহ রাশি যে!"

সব মজা নষ্ট করে কারেন্ট এলো দুম করে ।

ছোটকাকুর আদেশ এল- " যে যেখানে শেষ করেছিলিস, সেখান থেকেই শুরু কর। পড়া ধরবো তারপর রাতের খাবার!"

আমরা ভাইবোনেরা সমস্বরে বলে উঠলাম, "ধুত্তেরি, ভালো লাগে না।"

মা চোখ পাকালো বড় করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ